
হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে অবস্থান ধর্মঘট স্থগিত করেছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের আন্দোলনকারী চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে ধর্মঘট শুরু করেন তাঁরা, বেলা দুইটায় কর্মসূচি স্থগিত করা হয়।
প্রতি মাসের ৫ তারিখের মধ্যে বেতন পরিশোধ, নার্সদের লাঞ্ছনাকারী কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা, গ্র্যাচুইটি ও ভবিষ্য তহবিলের বকেয়া টাকার বিষয়ে সমাধানের প্রতিশ্রুতি পাওয়ায় আপাতত কর্মসূচি স্থগিত করার কথা জানান হাসপাতালের একাধিক চিকিৎসক ও নার্স। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান ভূঁইয়া এবং হাসপাতালের পরিচালক সিরাজুল ইসলাম নার্সদের লাঞ্ছিত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
এ বিষয়ে দ্রুত সমাধান না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার কথা জানান নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ নার্স।
হাসপাতালের পরিচালক সিরাজুল ইসলামের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কারণে কথা বলতে চাননি।
অনিয়মিত বেতন, গ্র্যাচুইটি ও ভবিষ্য তহবিলের টাকা পাওয়ার অনিশ্চয়তা নিয়ে গত আগস্ট মাসে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সভা করেন কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু সমস্যার সমাধান না করে উল্টো কয়েকজন নার্স লাঞ্ছিত হন। সে সময় নার্সদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান হাসপাতালে গিয়ে পরিচালককে সমস্যা সমাধানের আহ্বান জানান।