আশ্বাস মিলেছে, সেতু মেলেনি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা খালের চরকুতুব এলাকায় সেতু না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষকে।
এলাকার বাসিন্দারা বলেন, বিভিন্ন সরকারের আমলে জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তাঁরা সেতু পাননি এখনো।
স্থানীয় লোকজন বলেন, গত ৫০ বছরে শুভাঢ্যা খালের ওপর একাধিক সেতু নির্মাণ করা হয়েছে। কিন্তু চরকুতুব এলাকায় এখনো সেতু হয়নি। এতে শুভাঢ্যা ইউনিয়নের চরকুতুব উত্তর, চরকুতুব দক্ষিণ, কৈবর্ত্যপাড়া, ঝাউবাড়ি, বেগুনবাড়ি, জিয়ানগরসহ কয়েকটি গ্রাম এবং আগানগর ইউনিয়নের নয়াশুভাঢ্যা, কদমতলী, আমবাগিচা এলাকার বাসিন্দাদের নৌকায় খাল পাড়ি দিতে হচ্ছে। এ ছাড়া কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, চরকুতুব প্রাথমিক বিদ্যালয়, কৈবর্ত্যপাড়া প্রাথমিক বিদ্যালয় ও চুনকুটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে নৌকায় খাল পাড়ি দিতে হচ্ছে।
শুভাঢ্যা খালের এক পাশে আগানগর, অন্য পাশে শুভাঢ্যা ইউনিয়ন। চরকুতুব গ্রামের বাসিন্দা মোয়াজ্জেম হোসেন বলেন, সেতু নির্মাণ না হওয়ায় খালের উভয় পাড়ের বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায়ই শিশুরা নৌকা থেকে পড়ে যায়।
চরকুতুব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আওয়াল হোসেন বলেন, সকালে খেয়াঘাটে ভিড় থাকে অনেক। নৌকায় ওঠার জন্য যাত্রীদের দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়। এতে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দেরি হয়ে যায়। তিনি বলেন, এই জায়গায় সেতু নির্মাণ করা হলে উভয় পাড়ের লোকজনের চলাচলের পথ সুগম হবে।
জিয়ানগর গ্রামের বাসিন্দা কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আফরোজা সুলতানা বলে, ‘চরকুতুব এলাকায় সেতু না থাকায় আমাদের অতিরিক্ত প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে কলেজে যেতে হয়। এতে আধা ঘণ্টা সময় বেশি ব্যয় হয়। অথচ চরকুতুব এলাকায় সেতু নির্মাণ করা হলে আমরা ১০ মিনিটে কলেজে যেতে পারতাম।’
রহিমা বেগম নামের এক নারী বলেন, তাঁর দুই নাতনি স্কুলে যাওয়ার পথে নৌকা থেকে একাধিকবার খালে পড়ে যায়।
আগানগর ইউনিয়নের আমবাগিচা এলাকার বাসিন্দা বশির উদ্দিন মিয়া বলেন, বৃদ্ধসহ অনেক রোগী নৌকা থেকে খালের ময়লা পানিতে পড়ে গেছেন। তা ছাড়া রাত নয়টার পর নৌকা পারাপার বন্ধ হয়ে যায়। এতে পোশাকশ্রমিক ও ব্যবসায়ীরা বিপাকে পড়েন। বাধ্য হয়ে তাঁদের অতিরিক্ত এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরতে হয়।
আগানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ্ খুশী বলেন, সেতু নির্মাণ না করায় এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি দ্রুত সেতু নির্মাণের দাবি জানান।
কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী শাজাহান আলী বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় কালভার্ট ও সেতু নির্মাণের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আশা করছেন, দু-তিন মাসের মধ্যে চরকুতুব সেতুর নির্মাণকাজ শুরু করা যাবে।