রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচারের আশ্বাস কার্যকর না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে দ্রুত বিচার দাবি করে এ হুঁশিয়ারি দেওয়া হয়।
গত ২৩ এপ্রিল রাজশাহী নগরের শালবাগান এলাকায় নিজ বাসার কাছে দুর্বৃত্তদের হাতে খুন হন ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী। এ ঘটনার পর থেকে বিচারের দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে গত ১৫ মে ইংরেজি বিভাগ ও ১৭ মে চলমান আন্দোলন স্থগিত করেছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পুলিশ দাবি করছে, জেএমবি সদস্যরা এ হত্যায় জড়িত। একজন জেএমবি সদস্য এ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম শান্তনু বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বাস দেওয়ায় আমরা আন্দোলন স্থগিত করেছিলাম। কিন্তু আশ্বাস যদি শুধু আশ্বাসেই সীমাবদ্ধ থাকে, তাহলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে।’
সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহ বলেন, ‘মামলার অগ্রগতিতে আমরা পুরোপুরি সন্তুষ্ট হতে পারছি না। তাই সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মামুন আব্দুল কাইয়ুম বলেন, ‘অধ্যাপক রেজাউল হত্যার ৪০ দিন পরেও হত্যার রহস্য উন্মোচন হয়নি। হত্যায় জড়িত আছে এমন দুজনকে আটক করেছে বলে পুলিশ দাবি করে। কিন্তু কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, সে রহস্য উদ্ঘাটন করতে পারেনি। তাই হত্যার রহস্য উন্মোচন ও মূল পরিকল্পনাকারীরা যেন পার না পায়, সে জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’
মানববন্ধনে ইংরেজি বিভাগের সভাপতি এ এফ এম মাসউদ আখতার, শিক্ষক সমিতির নির্বাহী সদস্য সুমনা সরকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।