আশ্বাসের তিন বছরেও জমি পাননি মুক্তিযোদ্ধা ফাতেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ডিসেম্বর ও মার্চ মাস এলেই বেশি করে মনে পড়ে মুক্তিযুদ্ধের কথা। আর অনুভব করি, সবার সবকিছু আছে কিন্তু আমার কিছুই নেই। এই বাংলাদেশে নিশ্চিন্তে ঘুমোবার আমার এক চিলতে জমিও নেই।’ কথাগুলো বলছিলেন সখীপুরের একমাত্র তালিকাভুক্ত মহিলা মুক্তিযোদ্ধা ফাতেমা খাতুন (৬০)। মানসিক প্রতিবন্ধী স্বামী, তিন মেয়ে, তিন ছেলে ও দুই নাতনিকে নিয়ে সখীপুরের গান্ধিনাপাড়ায় ভাড়া বাসায় থাকেন তিনি। সখীপুর পৌরসভায় ঝাড়ুদারের চাকরি করে মাসে এক হাজার ৫০০ টাকা ও মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা বাবদ এক হাজার ৫০০ টাকা পান। এ-ই তাঁর আয়ের পথ। ফাতেমা বলেন, মেয়ে ফজিলাকে রেখে তার (ফজিলা) স্বামী চলে গেছে। দুই নাতনির ভরণপোষণ তাঁকেই দিতে হচ্ছে। ২০০৭ সালের ৯ মার্চ প্রথম আলোয় ফাতেমাকে নিয়ে ‘মুক্তিযোদ্ধার জীবনযুদ্ধ’ শিরোনামে খবর ছাপা হলে ওই দিনই সখীপুরের তত্কালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমাদুল হক ফাতেমাকে একখণ্ড জমি দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু এখনো ফাতেমা কোনো জমি পাননি। সখীপুর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক এম ও গণি বলেন, ফাতেমা সখীপুরের একমাত্র তালিকাভুক্ত মহিলা মুক্তিযোদ্ধা। তিনি খুবই দরিদ্র ও অসহায়। তাঁকে গত বিজয় দিবসে সহযোগিতা করা হয়েছে। সখীপুরের ইউএনও মুজিবর রহমান বলেন, ‘ফাতেমা আবেদন করলে তাঁকে বসবাসের জন্য খাসজমি দেওয়া হবে।’