বগুড়ার শিবগঞ্জ উপজেলার সেই ইটভাটার বিষাক্ত গ্যাসের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকেরা আজও ক্ষতিপূরণ পাননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশ্বাস দেওয়ার দুই মাসেও ক্ষতিপূরণ না পাওয়ায় কৃষকেরা হতাশ হয়ে পড়েছেন।
অভিযোগ রয়েছে, উপজেলার ময়দানহাটা ইউনিয়নের নাগারজান গ্রামে নিয়মনীতি না মেনে কৃষিজমির ওপর তিন বছর আগে এমএইচবি ব্রিকস নামের ইটভাটা গড়ে তোলা হয়। ২৭ এপ্রিল রাতে ওই ইটভাটার বিষাক্ত গ্যাস ও ধোঁয়া বের করে দেওয়া হয়। এ সময় গ্রামবাসী প্রচণ্ড গরম অনুভব করেন। পরে জানতে পারেন, গ্রামের পাশের ইটভাটা থেকে একসঙ্গে গ্যাস ও ধোঁয়া ছেড়ে দেওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। পরের দিন সকালে উঠে দেখেন, তাঁদের খেতের বোরো ধান ঝলসে গেছে। কোনো গাছের ফল আর ভালো নেই। এ ঘটনায় প্রায় ৮০ বিঘা জমির ধান ও ফলের গাছ ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে কৃষকদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়।
ইউএনও, উপজেলা কৃষি কর্মকর্তা ও ময়দানহাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সে সময় ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা কৃষকদের ভাটামালিকের কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে দেওয়ার আশ্বাস দেন। আশ্বাস পেয়ে কৃষকেরা তখন শান্ত হন।
৫ মে প্রথম আলোয় ‘ইটভাটার বিষাক্ত গ্যাসে ৮০ বিঘার বোরো নষ্ট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। গ্রামের ছয়-সাতজন বাসিন্দা অভিযোগ করেন, ঘটনার দুই মাস পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত কৃষকেরা এক টাকাও ক্ষতিপূরণ পাননি। এখন ভাটা কর্তৃপক্ষ ক্ষতিপূরণ না দিতে টালবাহানা করছে। ইটভাটার ব্যবস্থাপক আবু রায়হান বলেন, স্থানীয়ভাবে মীমাংসার জন্য লোকজনের সঙ্গে কথাবার্তা চলছে।