আশ্বাসের পরও চাকরি মেলেনি রবিউলের স্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিমের দুই সন্তানকে কোলে নিয়ে স্ত্রী উম্মে সালমা ও মা করিমন্নেছা। ছবিটি বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামের বাড়ি থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিমের দুই সন্তানকে কোলে নিয়ে স্ত্রী উম্মে সালমা ও মা করিমন্নেছা। ছবিটি বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামের বাড়ি থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার (এসি) রবিউল করিমের মৃত্যুর এক বছর হলেও তাঁর স্ত্রী উম্মে সালমার চাকরি মেলেনি। প্রশাসনের তরফ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও তার বাস্তবায়ন হয়নি। যোগ্যতা থাকা সত্ত্বেও কর্মসংস্থানের সুযোগ না হওয়ায় দুই শিশুসন্তান নিয়ে হতাশা আর দুশ্চিন্তায় দিন কাটছে রবিউলের বিধবা স্ত্রীর।

গত বছরের ১ জুলাই ঢাকার গুলশানে হোলি আর্টিজানে দেশের নজিরবিহীন জঙ্গি হামলার ঘটনা ঘটে। এ সময় ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। জিম্মিদের উদ্ধারের জন্য গিয়ে ওই রাতে এসি রবিউল ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জঙ্গিদের ছোড়া গুলি ও গ্রেনেডের আঘাতে নিহত হন।

জঙ্গি হামলায় নিহত হওয়ার পর রবিউলের স্ত্রী উম্মে সালমাকে চাকরি দেওয়ার কথা ছিল। সে সময় ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক রবিউলের স্ত্রীকে যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়ার আশ্বাস দেন। বিষয়টি নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। পরে পুলিশের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা বিষয়টি বাস্তবায়নে কয়েক দফা উপাচার্যের সঙ্গে আলোচনা করেন। উপাচার্যও রবিউলের স্ত্রীকে চাকরি দেওয়ার আশ্বাস দেন। প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেও রবিউলের স্ত্রীকে চাকরি দেওয়ার অনুরোধ করলে উপাচার্য তাদেরও আশ্বাস দিয়েছিলেন।

এরই মধ্যে বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে গত বছরের ১০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগের জন্য রবিউলের স্ত্রী আবেদন করেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশও নিয়েছিলেন তিনি। কিন্তু এখনো চাকরিটি হয়নি তাঁর। নিহত রবিউলের সংসারে তাঁর স্ত্রী উম্মে সালমা, পাঁচ বছরের ছেলে সাজিদুল করিম, ১১ মাস বয়সী কন্যাসন্তান কামরুন্নাহার, মা করিমন্নেছা ও ছোট ভাই শামসুজ্জামান শামস রয়েছেন। জঙ্গি হামলায় নিহত হওয়ার পর সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে হতাশার মধ্যে পড়ে গেছে পুরো পরিবারটি।

রবিউলের ছোট ভাই শামসুজ্জামান শামস বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন রবিউল। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং দেশের জন্য জীবন উৎসর্গ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন রবিউলের স্ত্রীকে চাকরির ব্যবস্থা করবেন বলে পুলিশ প্রশাসনের ধারণা ছিল। তবে এত দিনেও তাঁর কর্মসংস্থানের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিউলের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম গ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। পরে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ বিভাগে যোগদান করেন। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছোটবেলা থেকে রবিউল খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। প্রতিবন্ধী শিশুদের তিনি ভালোবাসতেন। এ জন্য সমাজের অবহেলিত শারীরিক ও মানসিক সক্ষমতাহীন শিশু ও কিশোরদের জন্য বাড়ির অদূরে বাসাই গ্রামে নিজ খরচে ২০১১ সালে প্রতিষ্ঠা করেন বিকনিং লাইট অর্গানাইজেশন অব ম্যানকাইন্ড অ্যান্ড সোসাইটি (ব্লুম্স) নামের বিশেষায়িত বিদ্যালয়। এ বিদ্যালয়টিতে বর্তমানে ৪১ জন প্রতিবন্ধী শিশু লেখাপড়া করছে। এ ছাড়াও তিনি গ্রামের শিশুদের লেখাপড়ার জন্য ‘নজরুল বিদ্যা সিঁড়ি’ নামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

গতকাল বৃহস্পতিবার কাটিগ্রাম গ্রামে গিয়ে দেখা যায়, রবিউলের স্ত্রী সন্তানদের নিয়ে ব্যস্ত। মা করিমন্নেছা বিছানায় শুয়ে আছেন। ঘটনার এক বছর পেরিয়ে গেলেও শোক কাটিয়ে উঠতে পারেনি রবিউলের পরিবার। ঈদ কেমন কাটল- এমন প্রশ্নের জবাবে রবিউলের স্ত্রী উম্মে সালমা বলেন, ‘ঈদের আনন্দ এখন আর নেই। স্বামী হারানোর পর থেকে সেই আনন্দ মাটিচাপা পড়ে গেছে। এখন সন্তানদের ভবিষ্যৎ নিয়েই চিন্তিত থাকতে হয়।’

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা উম্মে সালমা বলেন, ‘আমার স্বামী দেশের জন্য জীবন দিয়েছেন। এটা আমার ও আমার সন্তানদের জন্য অহংকার। তবে যোগ্যতা অনুযায়ী আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হলে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হতো না।’

রবিউলের মা করিমন্নেছা বলেন, রবিউলের মৃত্যুর পর পুলিশ বিভাগ থেকে পরিবারের খোঁজ-খবর নিয়েছে। পুলিশ বিভাগ ও প্রধানমন্ত্রী আর্থিক সহায়তা করেছেন। সেই সহায়তার টাকা দিয়েই এখন সংসার চলছে। তিনি বলেন, ছোট ছেলে শামসও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিষয়ে স্নাতকোত্তর শেষ করেছে। শামস অথবা ছেলের বউয়ের একটা চাকরি হলে পরিবার নিয়ে এত ভাবতে হতো না।