আশ্রমে হামলা প্রতিমা ভাঙচুর
দিনাজপুরে গতকাল বৃহস্পতিবার ভোরে সেবাশ্রমে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলা প্রতিরোধ করতে গিয়ে সাতজন আহত হয়েছেন। বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জে একটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
দিনাজপুর: গতকাল ভোরে কাহারোল উপজেলার শ্রীনিগমানন্দ সারস্বত সেবাশ্রমে দুর্বৃত্তরা হামলা চালায়। হামলাকারীরা সেবাশ্রমে ভাঙচুর ও লুটপাট করে। পুলিশ এ ঘটনাকে ডাকাতি বলে সন্দেহ করছে।
সেবাশ্রমের পরিচালক নন্দ দুলাল চক্রবর্তী জানান, ভোর চারটার দিকে ২০-২৫ জন দুষ্কৃতকারী সেবাশ্রমের ভেতরে ঢোকে। তারা ছুরির মুখে হাসপাতালের বারান্দায় অবস্থানকারী শিক্ষার্থী, বৃদ্ধাশ্রমে জেগে থাকা বৃদ্ধ-বৃদ্ধাদের জিমিঞ্চ করে রাখে। এরপর তারা মন্দির তছনছ করে। আশ্রমের হাসপাতালের প্যাথলজি বিভাগ থেকে একটি দামি ল্যাপটপ, দুটি ব্যাটারিসহ একটি আইপিএস ও দুই ছাত্রের কাছ থেকে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ২০-২৫ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে প্রধান ফটকের তালা ভেঙে তারা বেরিয়ে যায়।
কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ফয়সাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসাব্বেরুল হক প্রাথমিকভাবে একে ডাকাতির ঘটনা বলে ধারণা করছেন।
দুপুরে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী এবং পুলিশ সুপার মো. রুহুল আমিন সেবাশ্রমের পরিচালক, শিক্ষকসহ এলাকাবাসীর সঙ্গে মত বিনিময় করেন। এ সময় এলাকাবাসী বলেন, এটি নির্বাচনোত্তর সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা।
চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলার চরবাসুদেবপুরে একটি সরস্বতী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতের কোনো এক সময়ে এটি ভাঙচুর করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন ও পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পদক রনি কর্মকার জানান, বৃহস্পতিবার সকালে ভক্তরা এসে প্রতিমাটি ভাঙা দেখতে পান। দুর্বৃত্তরা প্রতিমার মাথা ভেঙে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। সরস্বতী প্রতিমার দুই হাত এবং রাজহাঁসের মাথা ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় পূজা উদ্যাপন কমিটির সদস্য শ্যামল কুমার বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।