আশ্রমের জায়গায় স্থাপনা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে অবস্থিত শ্রীশ্রীলোকনাথ ব্রহ্মচারী আশ্রমের প্রধান ফটকের সামনে আশ্রমের জায়গা দখল করে প্রভাবশালী ব্যক্তিরা দোকানপাট নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে দর্শনার্থী ও ভক্তদের আশ্রমে ঢুকতে সমস্যা হচ্ছে।লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কমিটি সূত্রে জানা যায়, এলাকার প্রভাবশালী কয়েকজন আশ্রমের প্রধান ফটকের সামনে আশ্রমের জায়গা ও খাস সম্পত্তি দখল করে দোকানপাট নির্মাণ করে ব্যবসা করছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ দেওয়ার পর বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ওই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ক্ষমতাসীন দলের পরিচয়ে আবারও নতুন করে দোকানপাট নির্মাণ করেন। আশ্রম কমিটি কয়েক দফা লিখিতভাবে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানোর পরও এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে না।সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, আশ্রমের প্রধান ফটকের সামনে মিষ্টির দোকানসহ বিভিন্ন ধরনের খেলনার দোকান নির্মাণ করা হয়েছে।নারায়ণগঞ্জের দেওভোগ থেকে আশ্রমে আসা সীমা রানী দাস ও উজ্জ্বল দাস বলেন, আশ্রমের সৌন্দর্য নষ্ট করে জায়গা দখলে নেওয়ায় ভক্তদের প্রধান ফটক দিয়ে যাতায়াত করতে সমস্যা হচ্ছে। আলী আকবর নামের একজন দোকানদার বলেন, ‘আমরা খালি জায়গা পেয়ে এখানে দোকান নির্মাণ করেছি। এতে দোষের কী আছে?’নাম প্রকাশে অনিচ্ছুক বারদী বাজারের কয়েকজন ব্যবসায়ী গতকাল বৃহস্পতিবার বলেন, আশ্রমের প্রধান ফটকের সামনে বর্তমানে দোকান নির্মাণ করে ব্যবসা করছেন বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা সরকারের চাচাতো ভাই আওয়ামী লীগের সমর্থক সুজন মিয়া, ডালিম হোসেন, শাহজাহান ও আনোয়ারুল হক; বারদী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য যুবলীগের নেতা আবু দাইয়ানের চাচাতো ভাই যুবলীগের সমর্থক জাহাঙ্গীর মামুন ও মাজহারুল ইসলাম এবং আওয়ামী লীগের সমর্থক নাদিম মিয়া। এ ছাড়া আওয়ামী লীগের সমর্থক সাইদুর, মোশারফ, মানিক, বাবুল, আবুবক্কর ও শাহজাহান নামের কয়েক ব্যক্তিও সেখানে দোকান নির্মাণ করেছেন। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সমঝোতা করে বিএনপির সমর্থক বারদী ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য নাসির উদ্দিন আলী সেখানে ব্যবসা করে আসছেন।বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা সরকার বলেন, ‘বিএনপির আমলে তাঁদের কর্মীরা আশ্রমের প্রধান ফটকের সামনের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য করতেন। বর্তমান সরকারের আমলে আমাদের লোকজন ব্যবসা করছে। এতে আশ্রমের সমস্যা হচ্ছে না।’বিএনপির নেতা ও সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, ‘আমরা সরকারের কাছ থেকে ইজারা নিয়ে ব্যবসা করছি। ইজারার বাইরে যেসব জায়গা দখল করা হয়েছে, তা বর্তমান সরকারের সমর্থকেরা করেছেন।’স্থানীয় বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার পর এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিলাম। রাজনৈতিক চাপে এখন আর উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে আশ্রমের প্রধান ফটকের সামনে আমাদের দলের লোকেরা ব্যবসা-বাণিজ্য করছে এটা সত্য।’শ্রীশ্রীলোকনাথ ব্রহ্মচারী আশ্রমের সাধারণ সম্পাদক শংকর কুমার দে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে আসছি। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।’সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘জেলা প্রশাসক অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করলে আমরা যৌথভাবে উচ্ছেদ অভিযান চালাব।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাসরিন বলেন, ‘আমরা আশ্রম কমিটির অভিযোগ পেয়েছি। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এসব অবৈধ স্থাপনার জন্য আশ্রমের দর্শনার্থীদের সমস্যায় পড়তে হচ্ছে। আমরা অচিরেই উচ্ছেদের জন্য চেষ্টা চালাব।’