আশ্রমের জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ঘোপখালী গ্রামের মদনমোহন আশ্রম ও মন্দিরের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই আশ্রম ও মন্দিরের সেবায়েত সুমতি রানী দাসী (৭০) গত ৩০ এপ্রিল মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মঠবাড়িয়া থানায় দেওয়া অভিযোগ থেকে জানা গেছে, ঘোপখালী গ্রামের জগদীশ চন্দ্র মিস্ত্রী ১৯৬৩ সালে তিন একর ২০ শতক জায়গা ওই আশ্রম ও মন্দির নির্মাণের জন্য দান করেন। এরপর থেকে সেখানে কিছু জায়গায় আশ্রম ও মন্দির নির্মাণ করে পূজাসহ অন্যান্য অনুষ্ঠানাদি হয়ে আসছে। গত ২১ এপ্রিল স্থানীয় প্রভাবশালী হিরু তালুকদার আশ্রম ও মন্দিরের দুই কাঠা জায়গা দখল করে মাটিভরাট করেন। ৩০ এপ্রিল থেকে তিনি সেখানে স্থাপনা নির্মাণকাজ শুরু করেন।মন্দির কমিটির সহসভাপতি কমল চন্দ্র মিস্ত্রী অভিযোগ করেন, আশ্রমের জায়গায় হিরু তালুকদার জোরপূর্বক মাটিভরাট করে সেখানে স্থাপনা নির্মাণ শুরু করলে আমরা বাধা দিই। এরপরও তিনি ওই জমি তাঁদের কেনা দাবি করে নির্মাণকাজ চালাতে থাকেন। মঠবাড়িয়া থানার উপপরিদর্শক সুলতান হোসেন জানান, আশ্রমের জায়গা দখলের বিষয়ে অভিযোগ পাওয়ার পর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।হিরু তালুকদার এ প্রসঙ্গে বলেন, ৪৫ বছর আগে তাঁর দাদা এখানে কিছু জমি কিনেছিলেন। সেই সূত্রে তিনি জায়গা দখলে নিয়েছেন। তবে ওই জমির দলিল তিনি দেখাতে পারেননি।