সিলেটের জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের মুলিকান্দি গ্রামের রাধা মদন গোপাল আশ্রমের পাশে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা নগদ টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে।
দুবাই-প্রবাসী দেবেশ্বর বিশ্বাসের বাড়িতে গত রোববার রাতে এই ডাকাতি হয়।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে সাত-আটজন মুখোশ পরা ডাকাত বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা দেবেশ্বরসহ পরিবারের লোকজনকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে ডাকাতেরা ৩২ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া জানান, খবর পেয়ে গতকাল সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও হিউম্যান রাইটস্ কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস (এইচআরসিবিএম) সিলেটের নেতারা আশ্রমের পাশের বাড়িতে ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে দ্রুত সময়ের মধ্যে মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।