আশ্রয়কেন্দ্রে বিপণিবিতান নির্মাণের চেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সম্পত্তিতে নির্মিত বন্যা আশ্রয়কেন্দ্রের স্থলে পৌরসভা কর্তৃপক্ষ বিপণিবিতান নির্মাণের চেষ্টা করছে। আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন গত বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে সংবাদ সমেঞ্চলন করে এই অভিযোগ করেন।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও জান্নাত পারভীন, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহ নেওয়াজ খান ও মোগড়া ইউপি চেয়ারম্যান মো. নান্নু মিয়া উপস্থিত ছিলেন।
সংবাদ সমেঞ্চলনে শেখ বোরহান উদ্দিন উপজেলা পরিষদের চলতি বছরের আগস্ট মাসে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভার কার্যবিবরণী, জেলা প্রশাসক বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) চিঠি ও পৌরসভার মেয়রকে ব্যাখ্যা দিতে জেলা প্রশাসকের দেওয়া চিঠির ফটোকপি সরবরাহ করেন। কার্যবিবরণীর বিবিধ আলোচনার সিদ্ধান্তে উল্লেখ আছে, পৌর মেয়র যে স্থানে পৌর বিপণিবিতান নির্মাণের জন্য সম্প্রতি দরপত্র আহ্বান করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছেন, সেখানে আখাউড়া উপজেলার একমাত্র বন্যা আশ্রয়কেন্দ্র। ওই স্থানের সম্পত্তি উপজেলা পরিষদের। পরিষদের পক্ষে ইউএনও উল্লিখিত সম্পত্তির খাজনা হালনাগাদ পরিশোধ করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা প্রথম আলোকে বলেন, উপজেলা পরিষদ ওই আশ্রয়কেন্দ্রের সম্পত্তির মালিকানা পৌরসভার অনুকূলে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। পৌরসভা জনস্বার্থে যথাযথ নিয়ম মেনে বিপণিবিতান নির্মাণ করতে দরপত্র আহ্বান করেছে।