আশ্রয়ণ প্রকল্পের ১০০০টি ঘর ব্যবহারের অনুপযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী ও তালতলী উপজেলার ১৭টি আশ্রয়ণ প্রকল্পের প্রায় এক হাজার ঘর ব্যবহার অনুপযোগী হওয়ায় পড়ে রয়েছে। নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের অভাবে এ অবস্থা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আমতলী ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, নদীভাঙনে গৃহহারা ও হতদরিদ্র পরিবারগুলোর আবাসনের জন্য ১৯৯১ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে ও নৌবাহিনীর তত্ত্বাবধানে গৃহনির্মাণকাজ শুরু হয়। ১৯৯৬ সালে এই প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হয় আশ্রয়ণ প্রকল্প। এ ছাড়া ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরের পর জাপান সরকারের সহায়তায় নির্মাণ করা হয় ‘ব্যারাক হাউস’ নামে আরেকটি প্রকল্প।
আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানায়, আমতলী ও তালতলী দুই উপজেলায় ১৭টি আশ্রয়ণ প্রকল্প রয়েছে। এর মধ্যে আমতলীতে আটটি ও তালতলীতে নয়টি। এসব আশ্রয়ণ প্রকল্পে ২৯৮টি ব্যারাকে এক হাজার ৫১০টি ঘর রয়েছে। বর্তমানে এসব প্রকল্পে ৫৭৭টি পরিবার বসবাস করছে। এর মধ্যে আমতলীর ১৬৭টি ব্যারাকের ৬৮০টি ঘরে ৩৪৩ পরিবার এবং তালতলীর ১৩১ ব্যারাকের ৮৩০টি ঘরে ২৩৪ পরিবার বসবাস করছে। বাকি ঘরগুলো দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এ সুযোগে এসব ঘরের টিন, দরজা-জানালা চুরি হয়ে যাচ্ছে।
গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, আমতলীর পূর্ব কালীবাড়ি, আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা ও গুলিশাখালি ইউনিয়নের কলাগাছিয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরের টিন, দরজা ও জানালা চুরি হয়ে গেছে। দরজা-জানালাবিহীন এসব জরাজীর্ণ ঘর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এলাকার লোকজনের অভিযোগ, এসব ঘর নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। এসব ঘর মেরামত বা রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগও নেওয়া হয়নি। ফলে কয়েক বছর যেতে না-যেতেই ঘরের চাল ছিদ্র হয়ে বৃষ্টির পানি পড়তে শুরু করে। ঘরের মেঝেতে ফাটল ধরে। ফলে বেশির ভাগ ঘর বসবাসের অযোগ্য হয়ে পড়ে।
আমতলীর পূর্ব কালীবাড়ি আশ্রয়ণ প্রকল্পের কয়েকজন বাসিন্দা জানান, মাস খানেক আগে এই আশ্রয়ণের বেশ কয়েকটি ঘরের চালের টিন খুলে নিয়ে যান এলাকার প্রভাবশালী এক ব্যক্তি। বিষয়টি আমতলী থানায় জানানোর পর পুলিশ কালীবাড়ি গ্রামের আজহার মৃধার বাড়িতে অভিযান চালিয়ে ১২টি টিন জব্দ করেছে।
আমতলীর আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের জুগিয়া জাপানি ব্যারাক হাউস গিয়ে দেখা যায়, ৪০টি পরিবারের জন্য নির্মিত এই চারটি ব্যারাক হাউসে মাত্র দুটি পরিবার বসবাস করছে। বাকি ৩৮টি ঘর খালি পড়ে আছে। সেখানে বসবাসরত বৃদ্ধ করিমজান বিবি বলেন, তাঁর ঘরের অর্ধেক টিন খুলে নিয়ে যাওয়া হয়েছে। এখন ঘরটি বসবাসের অনুপযোগী। আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘বিষয়টি জানার পর ব্যারাক হাউসের অবশিষ্ট মালামাল রক্ষায় দুজন চৌকিদার নিয়োগ দিয়েছি।’
আমতলী উপজেলার পিআইও মো. ইস্রাফিল হোসেন বলেন, ‘আমরা শুধু ঘর নির্মাণ করি। ঘরের তত্ত্বাবধান করার দায়িত্ব উপজেলা ভূমি কার্যালয়ের।’
আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার চন্দ্র রায় বলেন, ‘আমরা কয়েক দিন আগে পূর্ব কালীবাড়ি গ্রামের আশ্রয়ণ প্রকল্পের চুরি হওয়া কিছু টিন উদ্ধার করেছি।’
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, যারা টিন খুলে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টিন উদ্ধারের কাজ শুরু হয়েছে।