আশ্রয়প্রার্থী ধারণক্ষমতার ৩ গুণ বেড়িবাঁধ ও ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মহাসেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল বুধবার নাগাদ এটি আঘাত হানতে পারে উপকূলীয় এলাকায়। বিপদ সামনে রেখে প্রস্তুতি নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। চট্টগ্রামে ঝুঁকিতে থাকা ১০ লাখ মানুষকে সরিয়ে নেওয়া প্রয়োজন। কিন্তু চট্টগ্রাম নগর ও ১৪টি উপজেলায় যেসব ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে, সেগুলোতে সব মিলিয়ে তিন লাখ মানুষের জায়গা হতে পারে। বাকি মানুষকে কোথায় রাখা যাবে, তা নিয়ে দুশ্চিন্তায় আছে প্রশাসন।

পাশাপাশি চট্টগ্রাম শহর রক্ষা বাঁধসহ উপকূলীয় এলাকা সন্দ্বীপ, বাঁশখালী, আনোয়ারা, সীতাকুণ্ড ও মিরসরাইয়ের অন্তত ৫০ কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের সময় বড় ধরনের জলোচ্ছ্বাস হলে পানি ঢুকে পড়তে পারে উপকূলের একটি বড় এলাকায়।

চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবদুল মালেক আশ্রয়কেন্দ্রের স্বল্পতা ও বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

মো. আবদুল মালেক প্রথম আলোকে বলেন, ‘যে পরিমাণ আশ্রয়কেন্দ্র রয়েছে, তাতে আড়াই থেকে তিন লাখ লোক থাকতে পারবে। কিছু মানুষকে স্কুল-কলেজের ভবনের সরিয়ে নিতে হবে।’

ঝুঁকিতে সন্দ্বীপ: ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে সন্দ্বীপে প্রায় এক লাখ মানুষের মৃত্যু হয়েছিল। বড় ধরনের দুর্যোগের সৃষ্টি হলে সন্দ্বীপে সাড়ে তিন লাখ মানুষ আশ্রয়প্রার্থী হতে পারে বলে জানান উপজেলা প্রকল্প কর্মকর্তা কামরুল হোসেন। কিন্তু সেখানে আছে মাত্র ৬২টি আশ্রয়কেন্দ্র। ২০১১ সালেও এখানে কেন্দ্র ছিল ৯৬টি। এখন ৩৪টি ব্যবহারের অনুপযোগী।

কামরুল হোসেন বলেন, ‘এখানকার সব লোকই আশ্রয়প্রার্থী। আশ্রয়কেন্দ্র খুবই কম। দুর্যোগের সময় কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন উঁচু ভবনও খুঁজতে হবে। সাড়ে তিন লাখের মধ্যে হয়তো লাখ খানেক মানুষকে আশ্রয় দেওয়া যাবে। দোয়া করেন, যাতে ঝড় না হয়।’

সরেজমিনে দেখা গেছে, সন্দ্বীপের শাড়িটাইট, আজিমপুর, রহমতপুরসহ দক্ষিণ সন্দ্বীপে অন্তত ১০ কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়ে গেছে।

উপজেলার আজিমপুরের বাসিন্দা শামসুদ্দিন বলেন, ‘জোয়ার এলেই এখানে পানি ঢোকে। ঝড়ের সময় কোথায় যাব?’

অন্যান্য উপকূল: বাঁশখালী উপজেলায় ১১৭টি আশ্রয় কেন্দ্র রয়েছে। এর বিপরীতে আশ্রয়প্রার্থী হতে পারে দুই লাখ মানুষ। স্কুল-কলেজের ভবন মিলিয়ে এক লাখ মানুষের আশ্রয় হতে পারে। এ উপজেলার খানকানাবাদ, গণ্ডমারা, শেখেরখিল, ছনুয়া ও বাহারছড়া ইউনিয়নে ক্ষয়ক্ষতি বেশি হতে পারে।

একইভাবে আনোয়ারার জুঁইদণ্ডী, গহিরা ও রায়পুর ইউনিয়ন ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন  প্রশাসনিক  কর্মকর্তারা।  উপজেলা  প্রকল্প কর্মকর্তা মো. আবদুল আওয়াল বলেন, ‘পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নেই। দ্বিতল স্কুল ভবন খুঁজতে হবে।’

সীতাকুণ্ডে দেড় লাখ আশ্রয়প্রার্থীর বিপরীতে ৫৯টি আশ্রয়কেন্দ্র রয়েছে। মিরসরাইয়ে আশ্রয়কেন্দ্র মাত্র ৭৪টি। এখানেও আশ্রয়প্রার্থী ধারণক্ষমতার দ্বিগুণ।

ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ: চট্টগ্রাম শহর রক্ষা বাঁধের দৈর্ঘ্য ২৩ কিলোমিটার। এর ১৫ কিলোমিটার ক্ষতিগ্রস্ত। সরেজমিনে দেখা গেছে, হালিশহর ও পতেঙ্গা এলাকায় স্থানে স্থানে বাঁধের স্ল্যাব ও পাথর সরে গিয়ে ভেঙে গেছে বাঁধ। অত্যধিক জোয়ারে এসব এলাকা দিয়ে পানি ঢোকে বলে স্থানীয় লোকজন জানান।

একইভাবে বাঁশখালীর খানকানাবাদসহ কয়েকটি ইউনয়নে আট কিলোমিটার বাঁধ ক্ষতিগস্ত বলে উপজেলা সহকারী প্রকল্প কর্মকর্তা মো. মনছুর জানান।

সীতাকুণ্ড উপজেলা প্রকল্প কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, বাঁশবাড়িয়া এলাকার দুই কিলোমিটার বাঁধ বিলীন হয়ে গেছে। এ কারণে দেড় লাখ মানুষ তো বটেই, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কও ঝুঁকিতে রয়েছে।

[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন মোহাম্মদ মোরশেদ হোসেন (আনোয়ারা) ও মহিউদ্দিন শাহজাহান (সন্দীপ)]