আশ্রয়প্রার্থীদের সব নৌকা উধাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ার উদ্দেশে পাড়ি জমানো হাজারো বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসনপ্রত্যাশীবাহী নৌকার খোঁজ নেই বলে জানিয়েছে মালয়েশিয়া। দেশটির দাবি, এসব মানুষকে সহায়তা ও ঠাঁইয়ের প্রস্তাব দেওয়ার পর থেকে এখন পর্যন্ত আর কোনো নৌকার সন্ধান পায়নি তারা।
তবে জাতিসংঘ বলছে, সাগরে এখনো আড়াই হাজারের বেশি আশ্রয়প্রার্থী ভয়াবহ পরিস্থিতিতে ভেসে চলে আশ্রয়ের সন্ধানে উন্মুখ হয়ে আছেন। এদিকে সংকট সমাধানে কাল শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে এক আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন। খবর এএফপি, রয়টার্স, ইউএনবি ও ফ্রি মালয়েশিয়া টুডের।
কুয়ালালামপুরের বাইরে একটি বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার এক প্রেস ব্রিফিংয়ে মালয়েশীয় পুলিশপ্রধান খালিদ আবু বকর বলেন, ‘আমাদের নৌ পুলিশ বা মালয়েশীয় মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির তরফে ভাসমান নৌ আরোহীদের ব্যাপারে আমাদের কাছে কোনো খবর নেই। তবে কেউ থাকলে তাঁদের গ্রহণ, কাগজপত্র তৈরি ও সাময়িক আশ্রয় শিবিরে পৌঁছে দিতে আমরা তৈরি আছি।’
ইতিপূর্বে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন বলেছিল, অন্তত আট হাজার আশ্রয়প্রার্থী মানুষ সাগরে মৃত্যুঝুঁকিতে ভেসে চলেছেন। এই বক্তব্য অনুযায়ী, তিন হাজারের কিছু বেশি অভিবাসী উদ্ধার হওয়ার পরও সাগরে পাঁচ হাজার মানুষের ভেসে থাকার কথা।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের মুখপাত্র জো লোউরি গত মঙ্গলবার বলেন, ওই এলাকা অনেক বিস্তৃত। এই এলাকার কাছাকাছি এক লাখ মাছ ধরায় নিয়োজিত নৌকা চলাচল করছে। অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী কয়েক ডজন নৌকাকে এগুলোর ভিড়ে শনাক্ত করা দুরূহ।
গতকাল ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এক যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও অভিবাসন সংস্থা আইওএমের প্রতিনিধিরা বলেন, বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে এখনো অন্তত ২ হাজার ৬২১ জন অভিবাসনপ্রত্যাশী ভেসে চলেছেন।
ইউএনএইচসিআরের প্রতিনিধি বার্নার্ড কার্বলাত বলেন, আশ্রয়প্রার্থীদের অধিকাংশই ছোট ও নড়বড়ে নৌকায় মালয়েশিয়া ও মিয়ানমারের রাখাইন রাজ্যের কাছাকাছি সমুদ্র উপকূলে ভেসে বেড়াচ্ছেন বলে তাঁদের ধারণা। এই মানুষের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
বার্নার্ড আরও বলেন, ‘একেকটা ঘণ্টা পার হওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধারের প্রয়োজনীয়তাও সেভাবে বাড়ছে। হাজারো নারী-পুরুষ-শিশু ও বয়স্ক লোক এমন সব নৌকায় ভাসছেন, যাতে খুব সম্ভবত জ্বালানি নেই, খাবার নেই, পানি নেই। তাঁদের বাঁচানো দরকার।’
মালয়েশিয়ায় ১২ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার: মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় পার্বত্য জঙ্গলে আবিষ্কৃত গণকবর ও মানব পাচারে জড়িত চক্রের সঙ্গে সম্ভাব্য সংশ্লিষ্টতা থাকা নিয়ে কিছু পুলিশ ও বন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
মালয়েশীয় স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, এই কর্মকর্তারা কেবল স্থানীয় মানব পাচারকারী চক্রই নয়, বাংলাদেশ, থাইল্যান্ড, মিয়ানমারসহ আন্তর্জাতিক চক্রের সঙ্গেও সহযোগিতা করছেন।
স্বরাষ্ট্র উপমন্ত্রী ওয়ান জুনাইদি তুয়াঙ্কু জাফরের বরাত দিয়ে মালয়েশীয় গণমাধ্যমে গতকাল বলা হয়, চক্রের সঙ্গে যোগসাজশের সন্দেহে ১২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এরই মধ্যে তাঁদের গ্রেপ্তারও করা হয়েছে।
ব্যাংককে সম্মেলন কাল: অভিবাসন সংকট সমাধানে কাল শুক্রবার (২৯ মে) থাইল্যান্ডের ব্যাংককে শুরু হচ্ছে এক শীর্ষ সম্মেলন। বঙ্গোপসাগর হয়ে আন্দামান সাগরে বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের ঢল নামাকে কেন্দ্র করে সৃষ্ট নজিরবিহীন সংকট মোকাবিলায় এই সম্মেলন ডেকেছে থাইল্যান্ড।
এক দিনের এই সম্মেলনে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ ১৭টি দেশের প্রতিনিধিদের হাজির থাকার কথা রয়েছে। তবে সংকটের কেন্দ্রে থাকা মিয়ানমার আগেই বলেছে, সম্মেলনে রোহিঙ্গা শব্দ ব্যবহার করলে এতে তার যোগ দেওয়ার কোনো আগ্রহ নেই।
১ মে থাইল্যান্ডে আবিষ্কৃত হয় বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের গণকবর। এতে সমালোচনার ঝড় উঠলে সরকার সে দেশের মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে শুরু করে অভিযান। এর ফলে গ্রেপ্তার-আতঙ্কে এই চক্রের সদস্যরা থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় যেতে সাগরে পাড়ি জমানো হাজার হাজার অভিবাসনপ্রত্যাশীকে মাঝসাগরে রেখেই পালানো শুরু করে। পরে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় উদ্ধার হন তিন হাজারের বেশি অভিবাসী।
এই সম্মেলনের উদ্যোগের প্রতি সমর্থন দান এবং এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। গত মঙ্গলবার এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের গণমাধ্যম শাখার পরিচালক জেফ রাথকে এই আহ্বান জানান।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য: পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, সাগরে ভাসমান অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে সংকট সমাধানে ব্যাংকক সম্মেলনে সংশ্লিষ্ট দেশগুলোর তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। গত মঙ্গলবার মুসলিম দেশগুলোর জোট ওআইসির মহাসচিব ইয়াদ আমিন মাদানির সঙ্গে কুয়েতে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।