আশ্রিত আদিবাসীদের খোঁজ নিল সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া উচ্চবিদ্যালয়ে আশ্রিত আদিবাসীদের খোঁজ নিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় কমিটির সদস্যরা।উপজেলার যত্ন মোহন কার্বারিপাড়ায় বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপন এবং আশ্রিতদের সমস্যা নিয়ে কথা বলতে গতকাল সোমবার বিকেলে তাঁরা সেখানে যান।
সাত সদস্যের প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন পার্বত্য চট্টগ্রাম সংসদীয় কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং আদিবাসী সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা।
বাবুছড়া উচ্চবিদ্যালয়ে আশ্রয় নেওয়া পরিবারগুলোর পক্ষে মৃণাল কান্তি চাকমা, গোপা চাকমা ও সন্তোষ কার্বারি বলেন, ‘আমাদের বারবার বসতভিটা থেকে উচ্ছেদ করা হচ্ছে।১০ জুন বিজিবি আমাদের ওপর হামলা করে উল্টো মামলা দিয়ে হয়রানি করছে। আমাদের বসতভিটায় যেতে পারি না। ফলে আমরা ২১টি পরিবারের ৮৪ জন সদস্য ১২ জুন থেকে বাবুছড়া উচ্চবিদ্যালয়ে আশ্রয় নিয়ে ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছি।’
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে সংসদীয় কমিটিকে একটি স্মারকলিপি দেওয়া হয়। এতে বিজিবির ৫১ ব্যাটালিয়নের সদস্যদের প্রত্যাহার ও ভূমি অধিগ্রহণ বাতিল, মামলা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। পরে প্রতিনিধিদলের সদস্যরা বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তর পরিদর্শন করেন।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় কমিটি ও আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের যৌথ প্রতিনিধিদল দুই দিনের সফরে গতকাল খাগড়াছড়ি আসে।