আশ্রিতই যখন অপহরণকারী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিচিত এক নারীকে আশ্রয় দিয়েছিলেন পোশাকশ্রমিক আসমা বেগম। পরে ওই নারীই আসমার ছয় বছর বয়সী মেয়েকে বেড়ানোর কথা বলে নিয়ে যান বরিশাল। চাওয়া হয় মুক্তিপণ।বরিশালের গৌরনদী উপজেলার সাপুকাঠি গ্রামের একটি বাড়ি থেকে গত শনিবার বিকেলে আসমার শিশু মেয়েকে উদ্ধার করেন সাভার মডেল থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। গ্রেপ্তার করে রুবী আক্তার ওরফে দীপা (২৬) নামের ওই নারীকে। এর আগে পুলিশ রুবীর স্বামী মাগুরার মহম্মদপুর উপজেলার বাসিন্দা মেহেদী হাসান ও মেহেদীর দ্বিতীয় স্ত্রী নিলা আক্তারকে গ্রেপ্তার করে।আসমা সাভারের দেওগাঁও এলাকার আমিরুল ইসলামের স্ত্রী।আসমা জানান, ২১ জুলাই তিনি রাজধানীর মিরপুর ৬ নম্বর সেকশনে এক বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যালয়ে গিয়েছিলেন। সেখান থেকে বের হয়ে দেখেন লোকজনের জটলা। সেখানে রুবী কাঁদতে কাঁদতে বলছিলেন, তাঁর স্বামী তাঁকে ফেলে চলে গেছেন। এখন তিনি কী করবেন, কোথায় যাবেন, কীভাবে যাবেন ইত্যাদি। রুবীর কান্নায় মন গলে আসমার। আসমা তাঁকে নিয়ে সাভারের বাড়িতে আসেন।আসমার স্বামী আমিরুল ইসলাম জানান, ২৩ জুলাই বিকেল পাঁচটার দিকে রুবী তাঁর মেয়েকে নিয়ে বাসার পাশের দোকানে যান। এরপর আর তাঁরা বাসায় ফেরেননি। এর পর দিন তাঁর মুঠোফোনে কল দিয়ে মেয়ের মুক্তিপণ চাওয়া হয়। এ ব্যাপারে তিনি সাভার থানায় মামলা করেন।সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, রুবী ভারতে পাচারের উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে বাড়িতে আশ্রয় নিয়ে শিশুটিকে অপহরণ করেন। এর পর তাঁর স্বামী মেহেদী ও সতিন নিলার মাধ্যমে মুক্তিপণ দাবি করেন। পুলিশ প্রথমে মেহেদী ও নিলাকে গ্রেপ্তার করে। পরে বরিশাল থেকে রুবীকে গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করা হয়।সাভার মডেল থানায় গতকাল প্রথম আলোর সামনে পুলিশের কাছে রুবী স্বীকার করেন, তাঁরা এভাবে প্রতারণার মাধ্যমে লোকজনের বাড়িতে আশ্রয় নিয়ে শিশুদের অপহরণ করেন।পরে মুক্তিপণ বাবদ অর্থ পেলেও ভারতে পাচার করে দিতেন। এ জন্য ভারতের একটি চক্রের সঙ্গে তাঁদের চুক্তি রয়েছে।