আশ্রয় দেওয়াই মুখ্য, পুনর্বাসন গৌণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোস্টেলের একতলা-দোতলা মিলিয়ে ছয়টি কক্ষ। এই ছয় কক্ষে গাদাগাদি করে থাকছে ৬৪ জন। কক্ষের বাসিন্দাদের সবাই মানসিক প্রতিবন্ধী। বেশির ভাগই শিশু-কিশোর। প্রতিষ্ঠানটিতে নেই কোনো মানসিক চিকিৎসক। শিশুদের যত্ন নেওয়ার জন্য প্রতি পালায় আয়া আছেন দুজন, তা-ও ব্যক্তি অনুদানে রাখা। হোস্টেলের ভেতরে উৎকট গন্ধ। নেই পরিচ্ছন্নতাকর্মী। চট্টগ্রাম নগরের রৌফাবাদে দেশের একমাত্র সরকারি ‘মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান’-এর বালক হোস্টেলের চিত্র এমনই।

প্রতিষ্ঠানটির দোতলায় একটি বালিকা হোস্টেলও রয়েছে। পাঁচটি কক্ষে থাকছে ৬১ জন। অথচ দুটি হোস্টেলের ধারণক্ষমতা ২৫ জন করে মোট ৫০ জন। কিন্তু থাকছে ১২৫ জন। হোস্টেল দুটিতে থাকা মানসিক প্রতিবন্ধী বেশির ভাগ শিশু-কিশোরের পরিবারের খোঁজ নেই।

মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য সমাজসেবা অধিদপ্তরের অধীনে ১৯৯৯ সালে এ প্রতিষ্ঠানটি চালু করা হয়। এর উদ্দেশ্য ছিল ৬ থেকে ১৬ বছর বয়সী মৃদু প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা, কারিগরি প্রশিক্ষণ ও পুনর্বাসন করা। যাতে তারা সমাজের মূলধারায় সম্পৃক্ত হতে পারে। কিন্তু গত ১৭ বছরে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে ঠিকানাবিহীন মানসিক প্রতিবন্ধীদের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। শিশুদের প্রতিষ্ঠান হলেও প্রাপ্তবয়স্ক ২৫ জন মানসিক প্রতিবন্ধী এখন এই প্রতিষ্ঠানের বাসিন্দা।

প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, অভিভাবকদের আবেদন যাচাই করে ২০০১ সাল থেকে প্রতিষ্ঠানটিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। প্রথম দুই বছরে ভর্তি হয় ৫০ জন শিশু। এরা ছিল মৃদু প্রতিবন্ধী। পরবর্তী সময়ে এসব শিশুদের প্রায় সবাইকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু ২০০৩ সাল থেকে আদালতের মাধ্যমেও শিশু-কিশোর উন্নয়নকেন্দ্র থেকে অভিভাবকহীন মানসিক প্রতিবন্ধী শিশুদের এ প্রতিষ্ঠানে স্থানান্তর শুরু হয়। এতে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। পরে ২০০৭ সাল থেকে প্রতিষ্ঠানটিতে ভর্তিপ্রক্রিয়া বন্ধ হয়ে যায়। যদিও প্রতিবছরই আদালতের নির্দেশে ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে মানসিক প্রতিবন্ধী শিশু এমনকি প্রাপ্তবয়স্ক ব্যক্তিদেরও এ প্রতিষ্ঠানে আশ্রয় দিতে হচ্ছে। ফলে শিক্ষা, প্রশিক্ষণ ও মানসিক চিকিৎসার চেয়ে এখানে প্রতিবন্ধীদের আশ্রয় দেওয়ার বিষয়টি মুখ্য হয়ে পড়ে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম বলেন, সারা দেশে মানসিক প্রতিবন্ধীদের এই একটি প্রতিষ্ঠানই আছে। ফলে ঠিকানাবিহীন কোনো মানসিক প্রতিবন্ধীকে যখন এখানে আনা হয়, তখন ফিরিয়ে দেওয়ার সুযোগ থাকে না। বিভাগীয় পর্যায়ে এ রকম আরও কয়েকটি প্রতিষ্ঠান প্রয়োজন। ৫০ আসনের বিপরীতে ১২৫ জন বাসিন্দা থাকায় সমস্যা হচ্ছে।

প্রতিষ্ঠানটির ১২৫ জন প্রতিবন্ধীর মধ্যে প্রায় এক-চতুর্থাংশই বহুমুখী প্রতিবন্ধিতার (শারীরিক, মানসিক, বাক্‌ ইত্যাদি) শিকার। অনেকের নানা ধরনের শারীরিক জটিলতাও রয়েছে। কিন্তু এদের পরিচর্যার জন্য প্রতিষ্ঠানটিতে কোনো ব্যবস্থা নেই। এমনকি কোনো স্থায়ী চিকিৎসকও নেই। চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জনের উদ্যোগে দুজন চিকিৎসক সপ্তাহে দুদিন প্রতিষ্ঠানটিতে সেবা দেন। প্রতিষ্ঠানটিতে কোনো মানসিক চিকিৎসক নেই।

এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ বলেন, জরুরি ভিত্তিতে আউটসোর্সিংয়ের মাধ্যমে ১০ জন আয়া নিয়োগ দেওয়ার অনুরোধ জানিয়ে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

একজন সাইকোথেরাপিস্ট, নার্স, দুজন ঝাড়ুদারের পদ থাকলেও এগুলো শূন্য। হাউস প্যারেন্টের (হোস্টেল তত্ত্বাবধায়ক) দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠানের স্পিচ থেরাপিস্ট আবু বকর সিদ্দিক। তিনি প্রথম আলোকে বলেন, লোক-সংকট থাকায় মূল দায়িত্বের অতিরিক্ত কাজ করতে হচ্ছে সবাইকে। প্রতিষ্ঠানটিতে কর্মকর্তারা বলছেন, মানসিক প্রতিবন্ধীদের ন্যূনতম পরিচর্যার জন্য আয়ার দরকার সবচেয়ে বেশি। প্রতিবন্ধীদের অনেকেই শয়নকক্ষে মলমূত্র ত্যাগ করে। সেগুলো পরিষ্কার করার জন্য সুইপার প্রয়োজন। অথচ প্রতিষ্ঠানের জনবল কাঠামোতে আয়া কিংবা সুইপারের কোনো পদ নেই। জনবল কাঠামোতে চিকিৎসকেরও কোনো পদ নেই। ব্যক্তি অনুদানে দুটি হোস্টেলে মোট আটজন আয়া দিন-রাত মিলিয়ে কাজ করছেন। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন পদে ২৭ জন কর্মকর্তা ও কর্মচারী থাকার কথা থাকলেও রয়েছেন ১৭ জন।