আশ্রয় পেল আরও ১৮ জন রোহিঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন চলছে। ফাইল ছবি প্রথম আলো
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন চলছে। ফাইল ছবি প্রথম আলো

সীমান্ত পাড়ি দিয়ে এখনো এ দেশে পালিয়ে আসছে রোহিঙ্গারা। বাংলাদেশ সেনাবাহিনীর কক্সবাজারের টেকনাফের সাবরাং হারিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ত্রাণ কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন সময়ে অনুপ্রবেশ করা ৭টি পরিবারের ১৮ জন রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষকে টেকনাফের নয়াপাড়া শরণার্থীশিবিরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম চলে।

সেনাবাহিনীর সাবরাং হারিয়াখালী ত্রাণকেন্দ্রে দায়িত্ব পালন করা জেলা প্রশাসকের প্রতিনিধি ও টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশ করে প্রথমে বিভিন্ন গ্রামে আশ্রয় নেয়। এরপর তারা ত্রাণ সহযোগিতার জন্য ত্রাণকেন্দ্রে আসে। পরে তাদের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবিরে পাঠানো হয়।

বায়োমেট্রিকে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ৮ লাখ ৪৪ হাজার ২০৭ জন
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে নিবন্ধন চলছে। এর মধ্যে নতুন-পুরোনো মিলিয়ে বৃহস্পতিবার পর্যন্ত ৮ লাখ ৪৪ হাজার ২০৭ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে নিবন্ধনের আওতায় আনা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বহিরাগমন বিভাগ ও পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক আবু নোমান মোহাম্মদ জাকির হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিরাগমন বিভাগ ও পাসপোর্ট অধিদপ্তরের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, আনসার ও ইউএনএইচসিআরের কর্মীরা রোহিঙ্গাদের নিবন্ধনের কাজ করছেন। আবু নোমান মোহাম্মদ জাকির হোসেন বলেন, উখিয়া ও টেকনাফে ১২টি আশ্রয়কেন্দ্রে বসবাসকারী রোহিঙ্গাদের গত ১১ সেপ্টেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের আওতায় আনার কাজ শুরু হয়। সাতটি ক্যাম্পের¤মাধ্যমে এ কাজ চলছে।