আশ্রয় হারাচ্ছেন ভূমিহীনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিটেবাড়ি রক্ষার চেষ্টা ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের লাখিরচর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের। গতকাল তোলা ছবি l প্রথম আলো
ভিটেবাড়ি রক্ষার চেষ্টা ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের লাখিরচর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের। গতকাল তোলা ছবি l প্রথম আলো

ধলেশ্বরী নদীর ভাঙনে কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের লাখিরচর আশ্রয়ণ প্রকল্পের ১৭টি পরিবারের বসতঘর বিলীন হয়ে গেছে। ভাঙনের হুমকির মুখে আছে ১৪০টি পরিবার। স্থানীয় লোকজনের অভিযোগ, আশ্রয়ণ প্রকল্পের কাছে ধলেশ্বরী নদী থেকে খননযন্ত্রের মাধ্যমে বালু তোলার কারণে ভাঙন দেখা দিয়েছে।

২০০৬ সালে লাখিরচর এলাকায় ১৬০টি ভূমিহীন পরিবারকে আধা পাকা ও টিনশেডের ঘর তৈরি করে দিয়েছিল সরকার।

নাম প্রকাশ না করার শর্তে লাখিরচর আশ্রয়ণ প্রকল্পের একাধিক বাসিন্দা বলেন, দেড়-দুই বছর ধরে আশ্রয়ণ প্রকল্পের কাছে ধলেশ্বরী নদী থেকে খননযন্ত্রের মাধ্যমে বালু তুলে বিক্রি করা হচ্ছে। এ ছাড়া গত তিন-চার মাস আগে আওয়ামী লীগের স্থানীয় নেতা সোলায়মান জামান ও তাঁর লোকজন আশ্রয়ণ প্রকল্পের কাছে নদী থেকে বালু উত্তোলন করেন। এতে আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি ভাঙতে শুরু করেছে। গত বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত চার দিনে ধলেশ্বরী নদীর ভাঙনে আশ্রয়ণ প্রকল্পের ১৭টি পরিবারের বসতঘর বিলীন হয়ে গেছে।

গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, ভাঙনের আতঙ্কে অন্তত আটটি বসতঘর খুলে অন্যত্র সরিয়ে নিচ্ছেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। অনেকে ভাঙনকবলিত স্থানগুলোতে গাছের ডাল ও বাঁশ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা বলেন, গত বৃহস্পতিবার আশ্রয়ণ প্রকল্পের তিন পরিবারের বসতঘর নদীতে বিলীন হয়ে যায়। গত রোববার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত আরও ১৪টি বসতঘর ধলেশ্বরীতে বিলীন হয়।

ঘরহারা বিধবা মনোয়ারা বেগম বলেন, ‘সরকার আমগো আশ্রয়ের জন্যে একটা ঘর দিছিল, তা-ও ধলেশ্বরী নিয়া গেল। খালি আমগো থাহার ঘর না, গ্রামের আরও মাইনষের ঘর এক রাইতে চোখের সামন দিয়া ভাসাইয়া লইয়া গেল। অহন আমরা পোলা-মাইয়া লইয়া কই যামু। আমাগো কে আশ্রয় দিব।’

মাছ বিক্রেতা আয়নাল হক বলেন, নদীভাঙনে তাঁর ঘরের পাশের শারমিন বেগমের ঘর নদীতে বিলীন হয়ে গেছে। এতে তাঁরা আতঙ্কের মধ্যে বসবাস করছেন। যেভাবে ঘরবাড়ি ভাঙা শুরু হয়েছে, দ্রুত পদক্ষেপ না নিলে আশ্রয়ণ প্রকল্পের বাকি অংশের ঘরবাড়ি নদীতে চলে যাবে।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা খালেদ মিয়া বলেন, গত বৃহস্পতিবার থেকে আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি ভাঙতে শুরু করে। গত রোববার সন্ধ্যার পর ভাঙন তীব্র আকার ধারণ করে। ঘণ্টাখানেকের মধ্যে তাঁর বসতঘর পানিতে ভেসে যায়। তিনি বলেন, ঘরের মালামাল ও আসবাব কিছুটা রক্ষা করতে পারলেও বসতঘর রক্ষা করতে পারেননি। এখন ছেলেমেয়েদের নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

আশ্রয়ণ প্রকল্প বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবদুল সামাদ বলেন, যেভাবে ভাঙন শুরু হয়েছে, তাতে পুরো আশ্রয়ণ প্রকল্পই ঝুঁকির মধ্যে আছে।

রোহিতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল আলী বলেন, আওয়ামী লীগের নেতা সোলায়মান জামান তাঁর লোকজন দিয়ে ধলেশ্বরী নদী থেকে বালু তুলছেন। এসব বালু দিয়ে সোলায়মানের আবাসন প্রকল্প ভরাট করা হচ্ছে। এ ছাড়া বালু বিক্রিও করা হচ্ছে। তিনি বলেন, অপরিকল্পিতভাবে ধলেশ্বরী নদী থেকে বালু তোলায় নদীর পানিপ্রবাহের গতিপথ পরিবর্তন হয়ে গেছে। এতে লাখিরচর আশ্রয়ণ প্রকল্পে ভাঙন শুরু হয়েছে।

রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলায়মান জামান বলেন, তিনি ও তাঁর লোকজন নদী থেকে বালু তোলার সঙ্গে জড়িত নন। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে অপবাদ দিচ্ছে।

কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ বলেন, ‘বিষয়টি শুনেছি। আগামীকাল (মঙ্গলবার) উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে আমি লাখিরচর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করব।’ তিনি বলেন, নদীভাঙনরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।