ভয়াবহ পাহাড়ধসের পর থেকে রাঙামাটির বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করা লোকজনকে শহরের তিনটি জায়গায় সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচটি আশ্রয়কেন্দ্রের প্রায় ২০০ জনকে শহরের মারী স্টেডিয়াম ও জিমনেশিয়ামে সরিয়ে নেওয়া হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে চারটায় প্রথমে টেলিভিশন সম্প্রচারকেন্দ্র থেকে ৫৩ পরিবারের ১৬০ জনকে এবং বেতার ভবন আশ্রয়কেন্দ্র থেকে ১১ পরিবারের ৩৩ জনকে শহরের মারী স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া শহরের ভেদভেদী পৌর উচ্চবিদ্যালয়, যুব উন্নয়ন আশ্রয়কেন্দ্র ও মোনঘর আবাসিক উচ্চবিদ্যালয় থেকে আরও কয়েকটি পরিবারকে শহরের জিমনেশিয়ামে স্থানান্তর করা হয়। ১১টি আশ্রয়কেন্দ্রের গৃহহীন ১ হাজার ৭৯৯ জনকে শহরের তিনটি স্থানে নেওয়া হবে। স্থায়ী পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সেখানেই থাকবে।
গত ১৩ জুন রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় ১২০ জন মারা যায়। এর মধ্যে শুধু রাঙামাটি শহরে ৭৩ জন প্রাণ হারায়।
রাঙামাটি শহরের ভেদভেদী, শিমুলতলী, উলুছড়া, রূপনগর, পশ্চিম মুসলিমপাড়া, সনাতনপাড়া, যুব উন্নয়ন এলাকায়, ভেদভেদী কিনামনি ঘোনা এলাকায় শত শত বাড়িঘর বিধ্বস্ত হয়ে যায়। দুর্গত মানুষের জন্য ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়। এসব আশ্রয়কেন্দ্রে প্রথমে প্রায় সাড়ে তিন হাজার মানুষ আশ্রয় নেয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর চারটি আশ্রয়কেন্দ্রের সব মানুষ চলে যায়। বর্তমানে ১৫টি আশ্রয়কেন্দ্রে ২ হাজার ৯৬ জন রয়েছে। এর মধ্যে চারটি আশ্রয়কেন্দ্র ছাড়া বাকি ১১টি আশ্রয়কেন্দ্রের ১ হাজার ৭৯৯ জনকে নতুন আশ্রয়ে নেওয়া হচ্ছে। বাকি চার আশ্রয়কেন্দ্রের ২৯৭ জন মানুষ আপাতত সেখানেই থাকবে।
গত মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জরুরি সভায় রাঙামাটি শহরের জিমনেশিয়াম, মারী স্টেডিয়াম ও রাঙামাটি মেডিকেল কলেজের নবনির্মিত ছাত্রাবাসে ১১টি আশ্রয়কেন্দ্রের মানুষকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কার্যালয়ের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল বিকেলে রাঙামাটির জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, ১১টি আশ্রয়কেন্দ্রের মানুষকে যত দিন পর্যন্ত স্থায়ী পুনর্বাসন করা সম্ভব না হবে, তত দিন তাঁরা সেখানে (নতুন তিন স্থান) থাকবেন। প্রয়োজন হলে বছরের পর বছর আশ্রয়কেন্দ্র খোলা রাখা হবে। আশ্রয়কেন্দ্র পরিচালনা করার জন্য পর্যাপ্ত অর্থ ও চাল রয়েছে। আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের স্থায়ী পুনর্বাসনের সিদ্ধান্ত এখনো হয়নি। এ বিষয়ে আলোচনা চলছে। সরকারের নির্দেশনা পাওয়া গেলে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য স্থায়ী পুনর্বাসনের জায়গা নির্ধারণ করা হবে।