আশ্রয়কেন্দ্র ছেড়েছে দুই হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি শহরের জিমনেসিয়ামসহ তিনটি স্থানে নতুন আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাহাড়ধসে গৃহহীন হয়ে পড়া লোকজনকে পুরোনো আশ্রয়কেন্দ্রগুলো থেকে সরিয়ে নতুন আশ্রয়ে নেওয়া হচ্ছে। গতকাল সকালে জিমনেসিয়াম আশ্রয়কেন্দ্র থেকে তোলা ছবি l প্রথম আলো
রাঙামাটি শহরের জিমনেসিয়ামসহ তিনটি স্থানে নতুন আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাহাড়ধসে গৃহহীন হয়ে পড়া লোকজনকে পুরোনো আশ্রয়কেন্দ্রগুলো থেকে সরিয়ে নতুন আশ্রয়ে নেওয়া হচ্ছে। গতকাল সকালে জিমনেসিয়াম আশ্রয়কেন্দ্র থেকে তোলা ছবি l প্রথম আলো

ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় গৃহহীন হয়ে রাঙামাটির বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছিল ৩ হাজার ৪৯০ জন। দুর্যোগের দুই সপ্তাহ পর থেকে ধীরে ধীরে আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করে লোকজন। গত এক মাসে আশ্রয়কেন্দ্র ছেড়ে গেছে ২ হাজার জন। এখন রয়েছে ১ হাজার ৪৮৮ জন। যেসব মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে, তাদের বাড়ি ঘর সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের থাকা-খাওয়া নিয়ে সমস্যা না হলেও ছেলেমেয়েদের লেখাপড়ার কী হবে, এ নিয়ে দুশ্চিন্তা রয়েছে। একই সঙ্গে স্থায়ী পুনর্বাসনের প্রক্রিয়া এখনো শুরু না হওয়ায় অনিশ্চয়তায় ভুগছে তারা।

গত ১৩ জুন পাহাড়ধসের পর রাঙামাটিতে ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়। তিন সপ্তাহ পর চারটি আশ্রয়কেন্দ্রের সব মানুষ চলে যায়। একই সময়ে আরও কয়েকটি আশ্রয়কেন্দ্র থেকেও কিছু পরিবার চলে যায়। পাহাড়ধসে যাদের বাড়িঘর আংশিক বিধ্বস্ত হয়, মূলত তারাই যারা আশ্রয়কেন্দ্র ছেড়ে যায়।

চলতি জুলাই মাসের শুরুতেও ১৫টি আশ্রয়কেন্দ্রে ২ হাজার ১৭৭ জন ছিল। ১১ জুলাই থেকে ১০টি আশ্রয়কেন্দ্রের লোকজনকে রাঙামাটি মেডিকেল কলেজের নবনির্মিত ছাত্রাবাস (চালু হয়নি), জিমনেসিয়াম ও রাঙামাটি মারী স্টেডিয়ামে স্থানান্তর করা হয়। আশ্রয়কেন্দ্র থেকে নতুন এই তিনটি স্থানে মানুষকে সরানোর প্রক্রিয়া শুরু হলে আরও কিছু পরিবার চলে যায়। এখন পুরোনো পাঁচটি আশ্রয়কেন্দ্রে রয়েছে ৬০৪ জন। নতুন তিনটি আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে ৮৮৪ জনকে। এর মধ্যে জিমনেশিয়ামে ২০৪ জন, মারী স্টেডিয়ামের দুটি ড্রেসিং রুমে ১৭৮ জন ও রাঙামাটি মেডিকেল কলেজ নবনির্মিত ছাত্রাবাসে ৫০২ জনকে রাখা হয়েছে।

গতকাল সোমবার নতুন তিনটি আশ্রয়কেন্দ্রে গিয়ে গৃহহীন মানুষের সঙ্গে কথা বলেন প্রথম আলোর প্রতিবেদক এবং আলোকচিত্রী। রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রাবাসে থাকা জোহরা বেগম বলেন, তাঁরা আগে বেতার ভবন আশ্রয়কেন্দ্রে ছিলেন। সেখান থেকে এই ছাত্রাবাসে আনা হয়েছে। তাঁর বাড়ি শহরের ভেদভেদীর নতুনপাড়ায়। পাহাড়ধসে তাঁর ঘর ভেঙে গেছে। তিনি বলেন, শহরের কোন এলাকায় তাঁদের স্থায়ী পুর্নবাসন করা হবে, এ নিয়ে প্রশাসনের লোকজন কিছু বলছেন না। দীর্ঘদিন আশ্রয়কেন্দ্রে থাকতে চান না তিনি।

জোহরা বেগম বলেন, আগের চেয়ে নতুন আশ্রয়কেন্দ্রে তাঁরা ভালো আছেন। তবে মাঝেমধ্যে খাওয়া নিয়ে সমস্যায় পড়েন। এর কারণ, দুপুরে শুধু খিচুড়ি দেওয়া হয়। অনেকে এই খিচুড়ি খেতে পারে না।

রাঙামাটি জিমনেসিয়ামে থাকা জ্ঞানবান চাকমা বলেন, আশ্রয়কেন্দ্রে সবকিছু দেওয়া হচ্ছে কিন্তু সন্তানদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। এখানে লেখাপড়ার কোনো পরিবেশ নেই। দীর্ঘদিন এখানে থাকলে লেখাপড়ার চরম ক্ষতি হবে। তিনি বলেন, জিমনেসিয়াম থেকে চার কিলোমিটার দূরে শহরের যুব উন্নয়ন এলাকায় তাঁর বাড়ি ছিল। সেখানেই বাড়ি করে দেওয়ার দাবি জানান তিনি।

প্রায় এক মাস রাঙামাটি টেলিভিশন উপকেন্দ্র আশ্রয়কেন্দ্রে ছিলেন নাসরিন আক্তার। এখন তাঁর নতুন আশ্রয় মারী স্টেডিয়াম। আগের চেয়ে অনেক ভালোভাবে এখানে থাকছেন বলে জানান তিনি।

পাহাড়ধসের পর গৃহহীন মানুষকে দ্রুত স্থায়ী পুর্নবাসন করার জন্য দুটি কমিটি গঠন করেছে রাঙামাটি জেলা প্রশাসন। দুটি কমিটি আগামী ১০ দিনে মধ্যে প্রতিবেদন দেবে। প্রতিবেদনে বাসস্থানের জন্য নিরাপদ স্থান এবং প্রকৃত গৃহহীন মানুষের সংখ্যা নির্ধারণ করা হবে বলে প্রথম আলোকে জানান রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাহেদ চৌধুরী।

এদিকে ক্ষতিগ্রস্ত যেসব মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়ে চলে গেছে, তাদের বাড়ি করে দেওয়া হবে কি না, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার খোন্দকার ইখতিয়ার উদ্দিন প্রথম আলোকে বলেন, যারা চলে গেছে, তাদের বাড়িঘর পুরোপুরি বিধ্বস্ত হয়নি। ঘর মেরামত করে তারা থাকছে। আবার অনেকে দীর্ঘ সময় আশ্রয়কেন্দ্রে না থেকে নিজ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। গৃহহীন মানুষের প্রকৃত সংখ্যা নির্ধারণের পর যাদের বাড়িঘর আংশিক বিধ্বস্ত হয়েছে, তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।