আশ্রয়কেন্দ্র থেকে টংঘরে
বন্যার পানি কমায় সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। অধিকাংশ মানুষ বাড়ি ফিরে ধসে পড়া ঘরবাড়ি সংস্কার বা নতুন করে ঘর তৈরি করতে না পেরে টংঘর বানিয়ে বসবাস করছে। অনেকে সড়কের পাশে টংঘর বানিয়ে বাস করছে। এদিকে এলাকায় কাজ না থাকায় এবং চলতি মাসে ত্রাণের কোনো বরাদ্দ না আসায় অনেকে মানবেতর জীবন যাপন করছে। গতকাল রোববার তালার ইসলামকাটি, খলিলনগর ইউনিয়নের ঘোনা, ঘোষনগর, লক্ষ্মণপুরসহ কয়েকটি গ্রাম ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল আহমেদ জানান, বন্যায় উপজেলার ৪২ হাজার ২৬৫টি ঘর বিধ্বস্ত হয়েছে। হরিশচন্দ্রকাটি এলাকায় খুলনা-পাইকগাছা সড়কের পাশে টংঘর করে বসবাসকারী নুরজাহান বেগম জানান, তিনি প্রায় তিন মাস ধরে এখানে আছেন। বাড়ির উঠানে এখনো ১-২ ফুট পানি। এ অবস্থায় পরিবারের অধিকাংশ সদস্যই ফিরে এসেছে বাস্তুভিটায়। কিন্তু এলাকায় কাজ না থাকায় সবাই বেকার। বাড়িতে ফিরলেও ঘরবাড়ি সংস্কারের মতো সামর্থ্য নেই। আয়ের উৎস না থাকায় অর্ধাহারে-অনাহারে দিন কাটাতে হচ্ছে। গঙ্গারামপুর গ্রামের আম্বিয়া বেগম জানান, তিনি সপ্তাহ খানেক আগে বাড়ি ফিরেছেন। ঘর ভেঙে গেছে। অক্টোবরে সরকারিভাবে ১০ কেজি ত্রাণের চাল পেয়েছিলেন। চলতি মাসে ত্রাণ না পাওয়ায় কষ্ট আরও বেড়ে গেছে। সরকারিভাবে ঘরবাড়ি নির্মাণের ব্যবস্থা ও কর্মসংস্থানের ব্যবস্থা না করায় বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।ঘোনা পালপাড়া এলাকার শ্যামলী দাশ (৭৫) জানান, তাঁর সংসারে সাতজন লোক। বন্যায় ঘরবাড়ি ডুবে যাওয়ায় প্রায় তিন মাস ধরে তাঁদের বাড়িঘর ছেড়ে রাস্তায় বসবাস করতে হচ্ছে। তিনি বলেন, ‘গাছপালা মরে গেছে। নষ্ট হয়ে গেছে পানের বরজ। কোনো ফসল উৎপাদন করতে পারিনি। এক সপ্তাহ আগে বাড়ি ফিরেছি। কিন্তু ঘর নির্মাণ করতে না পারায় বাড়িতে টংঘর বেঁধে বসবাস করতে হচ্ছে। ঘরে খাবার নেই।’ স্থানীয় সূত্রে জানা গেছে, কপোতাক্ষ নদের উপচে পড়া পানি এবং প্রবল বর্ষণে সৃষ্ট বন্যার কারণে চলতি বছরের আগস্টে উপজেলার ১৯০টি গ্রামের প্রায় তিন লাখ মানুষ বাড়িঘর ছেড়ে তিন মাস বিভিন্ন আশ্রয়কেন্দ্র বা উঁচু স্থানে মানবেতর দিন কাটায়। খলিলনগর ইউপির চেয়ারম্যান প্রণব ঘোষ জানান, বন্যার পানি অনেকটা কমে যাওয়ায় বানভাসি কিছু মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। কিন্তু বন্যায় ঘরবাড়ি সব নষ্ট হয়ে যাওয়ায় বাড়ি ফিরেও তাদের টংঘরে বসবাস করতে হচ্ছে। প্লাবিত এলাকায় ঘরবাড়ি ভেঙে একাকার হয়ে গেছে। গৃহনির্মাণ সহযোগিতা ও ত্রাণের ব্যবস্থা করতে না পারলে মানুষের কষ্টের সীমা থাকবে না। তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, দুর্গত এলাকার মানুষের কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। এ কারণে তারা চরম দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সরকারিভাবে ত্রাণ দেওয়া হয়েছে। এ ছাড়া বেসরকারিভাবেও ত্রাণ দেওয়া হয়েছে। গৃহনির্মাণের জন্য সহযোগিতা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।সাতক্ষীরা জেলা ত্রাণ কর্মকর্তা জাকির উর সাহেদ বলেন, চলতি মাসে এখনো ত্রাণের বরাদ্দ পাওয়া যায়নি।