আশ্রয়কেন্দ্র নেই, ত্রাণ অপ্রতুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের ইসলামপুর উপজেলার দেওয়ানপাড়া গ্রামের মরিয়ম বেগমের ঘরে বুকসমান পানি। তাই তিনি গরু, হাঁস-মুরগি ও পরিবারের সদস্যদের নিয়ে নোয়ারপাড়া রাস্তায় আশ্রয় নিতে যাচ্ছেন। গতকাল তোলা ছবি l প্রথম আলো
জামালপুরের ইসলামপুর উপজেলার দেওয়ানপাড়া গ্রামের মরিয়ম বেগমের ঘরে বুকসমান পানি। তাই তিনি গরু, হাঁস-মুরগি ও পরিবারের সদস্যদের নিয়ে নোয়ারপাড়া রাস্তায় আশ্রয় নিতে যাচ্ছেন। গতকাল তোলা ছবি l প্রথম আলো

জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গতকাল মঙ্গলবার আরও কয়েকটি নতুন এলাকা প্লাবিত হয়। জেলার লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। পানি ওঠায় অনেক মানুষ ঘরবাড়ি ছেড়েছেন। তবে তাঁদের জন্য কোনো আশ্রয়কেন্দ্র খোলা হয়নি। এ কারণে তাঁরা রাস্তায় ও বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন।
খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া মানুষের দুর্ভোগ বাড়িয়েছে বৃষ্টি। এসব জনপদে এখনো পর্যাপ্ত পরিমাণে ত্রাণসামগ্রী পৌঁছায়নি। এতে বন্যাদুর্গত মানুষ খেয়ে না-খেয়ে দিন কাটাচ্ছেন। গতকাল মঙ্গলবার সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত বন্যাকবলিত বিভিন্ন এলাকায় এ চিত্র দেখা গেছে।
বন্যাদুর্গত মানুষ ক্ষোভ জানিয়ে বলেছেন, গত পাঁচ দিন ধরে রাস্তাঘাট ও ঘরবাড়ি তলিয়ে যাওয়ার পর তাঁরা কোনো আশ্রয়কেন্দ্র খুঁজে পাননি। আশ্রয়কেন্দ্র তো দূরের কথা গঠন করা কোনো মেডিকেল টিমের সদস্য ও ত্রাণসামগ্রীর দেখা পাননি তাঁরা। অন্যদিকে অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন প্রথম আলোকে বলেন, বন্যাদুর্গত লোকজন আশ্রয়কেন্দ্রের বিষয়ে আগ্রহী নন। তবে দুর্গত এলাকার প্রতিটি স্কুল ও কলেজ আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করতে পারেন। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গত লোকজন আশ্রয় নিতে চাইলে সেখানে যেতে পারেন।

সবচেয়ে দুর্গত উপজেলা ইসলামপুরে গিয়ে দেখা গেছে, ১২টি ইউনিয়নের মধ্যে সাতটির বেশির ভাগ অংশ বন্যার পানিতে তলিয়ে গেছে। ইসলামপুর উপজেলা ছাড়াও দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহসহ সারা জেলার বন্যা পরিস্থিতি চরম অবনতি হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আলিম বলেন, পুরো জেলায় বন্যার পানি ওঠায় ১৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ওঠায় পাঠদান বন্ধ রয়েছে। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে।

গতকাল নৌকায় ইসলামপুরের দেওয়ানপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, প্রতিটি ঘরে বুকসমান পানি ও ঘরের দরজা বন্ধ। মাঝেমধ্যে সাঁতরে বা কলাগাছের ভেলায় করে বাড়িঘর দেখতে আসেন বন্যাদুর্গত মানুষ। আজও তেমনি দেখতে এসেছেন ওই গ্রামের সুরুজ্জামান, ছামিউল ও সালেহা বেগম।

সালেহা বেগম বলেন, ‘গত বৃহস্পতিবার হঠাৎ করে গ্রামের মধ্যে বন্যার পানি চলে আসে। এরপর প্রতিদিন পানি বাড়ছে। প্রথম দুদিন ঘরে মাচা করে ছিলাম। গত সোমবার থেকে পুরো মাচা ডুবে গেছে। ফলে ডেবরাইপ্যাচ রাস্তায় আজ থেকে আশ্রয় নিয়েছি। গত পাঁচ দিনে কেউ কোনো ধরনের ত্রাণসামগ্রী নিয়ে আসেননি।’ তাঁর মতো সেখানে অনেকই বলেন, গত পাঁচ দিনে ওই এলাকায় কেউ ত্রাণসামগ্রী নিয়ে যাননি।

চিনাডুলী ইউনিয়নের কৃষক মনু মিয়া প্রথম আলোকে বলেন, তাঁর কুঁড়েঘরে বন্যার পানি ঢুকে সবকিছু ভেসে গেছে। পরে তিনি লোকজনের কাছে গিয়ে আশ্রয়কেন্দ্রের সন্ধান করেছেন। গত পাঁচ দিন ধরে দুটি গরু ও পরিবার নিয়ে বাড়িতে মাচা করে ছিলেন। আজ (গতকাল) পানি বাড়ায় গরু ও পরিবারের সদস্যদের ইসলামপুর শহরের শ্বশুরবাড়িতে রেখে এসেছেন।

নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িতে দেখা গেল অনেক মানুষের ভিড়। আলাপ করে জানা গেল, সেখানে ত্রাণ দেওয়া হবে, তাই লোকজন এসেছেন। ১০ কেজি চালের জন্য আজ ভোর থেকে অপেক্ষা করছেন হাসনা বেগম, রোজিনা খাতুন, আকলিমা বেগমসহ ৩০-৪০ জন নারী।

এ সময় নোয়ারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘বানবাসীদের ঘরে যা ছিল, সবকিছুই ফুরিয়ে গিয়েছে। তাঁরা এখন সহযোগিতা পাওয়ার আশায় রয়েছেন। প্রতিদিন শত শত বানবাসী মানুষ বাড়িতে ত্রাণের জন্য আসছেন। পুরো ইউনিয়নবাসীর জন্য মাত্র পাঁচ টন চাল বরাদ্দ পেয়েছি। প্রয়োজনের তুলনায় এটা খুবই সামান্য। পুরো ইউনিয়নে এখন ত্রাণের জন্য হাহাকার চলছে।’

ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নবী নেওয়াজ খান প্রথম আলোক বলেন, জেলার সবচেয়ে দুর্গত উপজেলা ইসলামপুর। যমুনাবেষ্টিত হওয়ার কারণে প্রতিটি বাড়িতে বুকসমান পানি। পুরো উপজেলায় মাত্র ৩৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এই চাল চাহিদার তুলনায় অপ্রতুল। আশ্রয়কেন্দ্র সম্পর্কে তাঁর কাছে জানতে চাইলে তিনিও বলেন, পুরো উপজেলার কোথাও আশ্রয়কেন্দ্র নেই।

রাসেল সাবরিন প্রথম আলোকে বলেন, বন্যাদুর্গত এলাকার জন্য ৫৭ টন চাল, এক লাখ টাকা ও ৭০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। মেডিকেল টিম সম্পর্কে তিনি বলেন, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় একটি করে টিম গঠন করা হয়েছে।