আশ্রয়কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ নম্বর মহাবিপদ সংকেতের পর কক্সবাজার উপকূলের সমতপাড়া থেকে স্থানীয় লোকজন শহরের দিকে আসছেন। ছবিটি সোমবার রাত সাড়ে ৯টার দিকে তোলা। ছবি: প্রথম আলো
১০ নম্বর মহাবিপদ সংকেতের পর কক্সবাজার উপকূলের সমতপাড়া থেকে স্থানীয় লোকজন শহরের দিকে আসছেন। ছবিটি সোমবার রাত সাড়ে ৯টার দিকে তোলা। ছবি: প্রথম আলো

ঘূর্ণিঝড় মোরা বাংলাদেশ উপকূলের আরও কাছাকাছি চলে এসেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, বাংলাদেশ সময় সোমবার রাত ১২টায় ঘূর্ণিঝড়টি কক্সবাজার উপকূল থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের গতিবেগ ৮০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজারে তীব্র দমকা হাওয়া শুরু হয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী নগরের পতেঙ্গা এলাকার আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন। সোমবার রাত ১২টার দিকে তিনি আশ্রয়কেন্দ্রে যান। এ সময় তাঁর সঙ্গে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, চট্টগ্রাম নগর ও উপজেলার আশ্রয়কেন্দ্রগুলোতে রাত ১২টা পর্যন্ত প্রায় এক লাখ লোক অবস্থান করছেন।

১০ নম্বর মহাবিপদ সংকেতের পর হাতের কাছে যতটুকু সম্বল আছে তাই নিয়ে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন মানুষ। ছবিটি সোমবার রাতে কক্সবাজার শহরের প্রিপারেটরি উচ্চবিদ্যালয় থেকে তোলা। ছবি: আবদুল কুদ্দুস
১০ নম্বর মহাবিপদ সংকেতের পর হাতের কাছে যতটুকু সম্বল আছে তাই নিয়ে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন মানুষ। ছবিটি সোমবার রাতে কক্সবাজার শহরের প্রিপারেটরি উচ্চবিদ্যালয় থেকে তোলা। ছবি: আবদুল কুদ্দুস

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান উদদীন জানান, তাঁর উপজেলায় ২৬টি স্থায়ী আশ্রয়কেন্দ্রের পাশাপাশি অস্থায়ী ১৪টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে পাঁচ হাজারের বেশি লোক আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

ঘূর্ণিঝড় ‘মোরা’ আগামীকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে। এই পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলকে ১০ নম্বর মহা বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘মোরা’ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকা থেকে কিছুটা উত্তর দিকে অগ্রসর হচ্ছে। উপকূলীয় জেলা নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং জেলাগুলোর অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহা বিপৎসংকেতের আওতায় থাকবে।

এ ছাড়া মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং জেলাগুলোর অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৮ নম্বর বিপৎসংকেতের আওতায় থাকবে। ঘূর্ণিঝড় মোরার প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং জেলাগুলোর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে চার থেকে পাঁচ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।