আশ্রয়কেন্দ্র পেল মাঝেরচরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার বিষখালী নদীর মাঝেরচরে নবনির্মিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। গতকাল তোলা ছবি l প্রথম আলো
বরগুনার বিষখালী নদীর মাঝেরচরে নবনির্মিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। গতকাল তোলা ছবি l প্রথম আলো

নদীর মাঝ বরাবর এক চর। নামও তার ‘মাঝেরচর’। চারপাশে শুধুই জলরাশি। কিন্তু ছিল না কোনো আশ্রয়কেন্দ্র। ঝড়-জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগ এলেই বাসিন্দাদের বুক দুরুদুরু কাঁপত।
সেই চরের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো এবার। তাদের সুরক্ষা দিতে চরে আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজ শেষ হয়েছে। গত সোমবার সেটির উদ্বোধন করা হয়।
বরগুনার বরগুনা সদরের বদরখালী ও পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নে পড়েছে মাঝেরচর। বিষখালী নদীর মাঝে যোগাযোগবিচ্ছিন্ন চরটিতে আশির দশকে জনবসতি শুরু হয়। বর্তমানে বাসিন্দার সংখ্যা প্রায় ছয় হাজার।
আশ্রয়কেন্দ্র না থাকায় ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে চরের অন্তত ২৫ জন বাসিন্দা নিহত এবং জোয়ারের পানিতে ভেসে গিয়ে অনেকে নিখোঁজ হয়।
ঝুঁকি বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) জার্মানির অর্থায়নে মাঝেরচরে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। দুর্যোগকালীন চরবাসীকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি এটি শিশু শিক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।
সোমবার বিকেলে এই আশ্রয়কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলজিইডির বরিশাল বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফরাজী শাহাবুদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক, ফ্রাঙ্কফুর্টের (কেএফডব্লিউ), ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির সদস্য রোলান্ড সিলার, ব্যাংকের বাংলাদেশ ও নেপাল আঞ্চলিক কার্যালয়ের কান্ট্রি ডিরেক্টর ডেভিড কুনজে, এলজিইডি পটুয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল মালেক সরকার, বরগুনার পৌর মেয়র মো. শাহাদাত হোসেন, প্রকল্প পরিচালক এ কে এম লুৎফর রহমান প্রমুখ।
এলজিইডি সূত্র জানায়, তিনতলা আশ্রয়কেন্দ্রটিতে যাতায়াতের জন্য পাকা সড়ক এবং দুর্যোগে গবাদিপশু নিরাপদ রাখার একটি জায়গাও (কিল্লা) নির্মিত হয়েছে।
সব মিলিয়ে ব্যয় হয়েছে ৫ কোটি ৭৯ লাখ টাকা। আশ্রয়কেন্দ্রে প্রায় দুই হাজার মানুষ ও কিল্লায় ৫০০টি গবাদিপশু আশ্রয় নিতে পারবে। পাশাপাশি মাঝেরচরের শিক্ষাবঞ্চিত শিশুদের জন্য আশ্রয়কেন্দ্রটি প্রাথমিক বিদ্যালয় হিসেবে ব্যবহৃত হবে। চরে বর্তমানে শিশুশিক্ষার কোনো পাকা বিদ্যালয় নেই।
দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় চরের বাসিন্দাদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। আবদুস সোবহান বলেন, ‘মোগো জীবনে আর কিছু চাওয়া নাই। আগে আকাশে ম্যাঘ দ্যাকলে জানে পানি থাকত না। এহন বইন্না আইলে অন্তত বউ-বাচ্চা লইয়্যা জানডা বাঁচাইতে পারমু।’ চরের কিশোরী আমেনা বলে, ‘সিডরে বাপ-মা দুজনরেই হারাইছি। মুই আর মোর ভাই কেবল বাঁইচ্চা আছি। আশ্রয়কেন্দ্র থাকলে হেইদিন মোর মায়রে জোয়ারের ঢলে ভাসাইয়্যা নেতে পারত না। আশ্রয়কেন্দ্র অওনে মোগো অনেক উপকার অইছে।’