আশ্রয়কেন্দ্রগুলোতে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাঁচ দিন আগে আশ্রয়কেন্দ্রে এইছি। অনেক ঠেলাঠেলি, গুঁতো খেয়ি বাবা মাত্র দুই কেজি চাল জুটেছে। আমাগো সুংসারে নোক ছয়জন। দুই কেজি চালে তাকে কি কুরে চুলবে? নোজার সময় নাতে খাব কি? আর ব্যানবিলায় খাব কি? এত কষ্ট করে এই বয়সে কি পারা যায়? সারা দিন নোজা রাকার পর সুন্দেবিলা পানি দে ইফতার খুলতে হয়।’ কথাগুলো বলেন সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বালিকা বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ওয়ারিয়া গ্রামের খতেজান বিবি (৭৫)।একই উপজেলার বল্লী ইউনিয়নের ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আসা একই গ্রামের কিনি সরদার (৬০), এনায়েত সরদার (৭০) ও রাশিদা খাতুন (৬৫) জানান, চার-পাঁচ দিন আগে তাঁরা বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠেছেন। গত শনিবার কেজি চারেক করে চাল পেয়েছেন। থাকার জায়গা নেই। কোনো প্রকারে খেয়ে-না খেয়ে দিন কাটাচ্ছেন। কোনো রকমে দুমুঠো ভাতের জোগাড় করতে পারলেও তরকারি বা অন্য জিনিস জুটান যাচ্ছে না। রান্না করার মতো জ্বালানি নেই। পায়খানার জায়গাও নেই। গরু আর ছাগল রাখার জায়গা পাওয়া যাচ্ছে না।শনিবার সরেজমিনে দেখা গেছে, চারদিকে পানি আর পানি। বিরামহীন বৃষ্টির কারণে আশ্রয়কেন্দ্র এলাকায় হাঁটুসমান পানি। ১০ দিন ধরে টানা বৃষ্টি আর বেতনা নদীর উপচেপড়া পানিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে। জানা গেছে, সদর উপজেলার ঝাউডাঙ্গা, বল্লী ও লাবসা ইউনিয়নের ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আসা মানুষ এ রকম সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। বেশি দুর্ভোগে পড়েছে শিশু ও বৃদ্ধরা। ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আসা পরিবারগুলো চার দিন পর পরিবারপ্রতি তিন-চার কেজি করে চাল দেওয়া হয়েছে।তিনটি ইউনিয়নের ৫০টি গ্রামের প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঝাউডাঙ্গা ইউনিয়নের আখড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজারের উঁচু স্থানে, তজুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তজুলপুর মাধ্যমিক বিদ্যালয়, ঝাউডাঙ্গা মাদ্রাসা, বালিকা বিদ্যালয়, জাগরণী ক্লাব, হাজীপুর, দেবনগর, যুগরাজপুর, আমতলা, রাইপুর ঘরচালা, বল্লী কাঁঠালতলা, মোকন্দপুর, আখড়াখোলা, মোছড়া, দেবনগর, বিনেরপোতার সরকারি ও বেসরকারি বিদ্যালয় ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে সাত-আট হাজার মানুষ। এসব পানিবন্দী মানুষের কষ্ট বাড়ছে দিন দিন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতান আলম জানান, ঝাউডাঙ্গা, বল্লী ও লাবসা ইউনিয়নে ১১ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে তা বিতরণ করা হয়েছে।