আশ্রয়কেন্দ্রে খাবার, পানির সংকট
উজান থেকে নেমে আসা ঢলে রংপুরের বদরগঞ্জে নদ–নদীগুলোর পানি উপচে ঢুকে পড়ছে বিভিন্ন এলাকায়। এ কারণে নতুন করে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। পানিবন্দী অধিকাংশ মানুষ খাবার ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছে।
এলাকার লোকজন জানায়, যমুনেশ্বরী, মরা তিস্তা, চিকলী, ঘৃনই ও করতোয়া নদ–নদীর পানি গতকাল মঙ্গলবার আরও বেড়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম কিবরিয়া গতকাল দুপুরে এ প্রতিবেদককে বলেন, গতকাল সকাল নয়টায় যমুনেশ্বরীর পানি বিপৎসীমার ১৪২ সেন্টিমিটারে ওপর দিয়ে প্রবাহিত হয়। উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। চারদিকে শুধু পানি আর পানি। এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রগুলোতে চিড়া ও গুড় বিতরণ করা হয়েছে।
যমুনেশ্বরী ও চিকলী নদীর পানি উপচে গতকাল উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর হিন্দুপাড়া, মিয়াপাড়া, কবিরাজপাড়া; দামোদরপুরের মুন্সিপাড়া, কালিরডাঙ্গা; রামনাথপুর ইউনিয়নের মোকসেদপুর, খিয়ারেরডাঙ্গা, বানুয়াপাড়া, জুম্মাপাড়া; বদরগঞ্জ পৌরসভার শাহপাড়া, মুন্সিপাড়া, মাস্টারপাড়া ও যাদুনগর গ্রাম প্লাবিত হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ২২টি আশ্রয়কেন্দ্র রয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ৫ হাজার ২৮০ জন অবস্থান করছে।
গতকাল বেলা ১১টার দিকে আমরুলবাড়ি উচ্চবিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে গেলে সেখানে আশ্রয় নেওয়া গৃহবধূ ছাবিনা বেগম (৩০) অভিযোগ করেন, ‘ছোট তিন সন্তান নিয়ে শনিবারে এখানে এসেছি। আজ পর্যন্ত কেউ খোঁজখবর নেয়নি। চাল নাই। কাইল থাকি না খাইয়া আছি।’ রমজান আলী মণ্ডল (৫০) বলেন, ‘আমরা না খেয়ে আছি। কিন্তু কেউ আমাদের দিকে তাকাচ্ছে না। স্ত্রীসহ ছয় সদস্যকে নিয়ে কষ্টে আছি।’
পৌরসভার শাহাপুর ভাটিয়াপাড়া গ্রামের পানিবন্দী ৪০ পরিবার ছকিমুদ্দিনের ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি কক্ষে আশ্রয় নিয়েছে। পৌরসভার পক্ষ থেকে গত রোববার ২০টি পরিবারকে ৫ কেজি করে চাল ও দেড় কেজি করে ডাল দেওয়া হয়েছে।
ওই কেন্দ্রে আশ্রয় নেওয়া হেলেনা বেগম (৬৫) বলেন, ‘বাবা, সোমবারে এসেছি কেউ খোঁজখবরও নেয়নি।’ হেলেনার মতো একই অভিযোগ করেন শারমিন (৩০), মিছিরন (৫০), দুলালি বেগমসহ (৩০) আরও অনেকে।
বদরগঞ্জ মডেল উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। পৌরসভার পক্ষে গত রোববার ৫২টি পরিবারকে ৫ কেজি করে চাল ও দেড় কেজি করে ডাল দেওয়া হয়েছে। অন্যরা পায়নি। ওই কেন্দ্রে আশ্রয় নেওয়া দিনমজুর মোস্তাফিজার অভিযোগ করে বলেন, ‘আমি ছয় সদস্যকে নিয়ে এখানে রোববার আশ্রয় নিয়েছি। কিন্তু আজ পর্যন্ত কোনো সাহায্য পাইনি। না খেয়ে আছি।’
কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈরামপুর উচ্চবিদ্যালয় ও বৈরামপুর দারুল এতিমিয়া দাখিল মাদ্রাসায় আশ্রয় নেওয়া অন্তত ১০০ পরিবারকে গতকাল সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিড়া ও গুড় দেওয়া হয়েছে। এই আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বৈরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া সখিন চন্দ্র রায় বলেন, ‘বাবু, চিড়া–গুড় আর কত খাইম। মোক ভাত দেও।’ নৃপেন চন্দ্র রায় বলেন, ‘সরকারোক কন বাবু, হামরা ভাত চাই।’
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার অন্য আশ্রয়কেন্দ্রগুলোতেও ঠাঁই নেওয়া মানুষের দুর্ভোগ ও কষ্টের অন্ত নেই।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী বলেন, ‘সরকারি সহায়তা একেবারে অপ্রতুল। উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যাপীড়িত মানুষের কষ্টের শেষ নেই। আশ্রয়কেন্দ্রগুলোতে কিছুটা খাবার ও বিশুদ্ধ পানির সংকট আছে। আমি ব্যক্তিগতভাবেও কিছু কেন্দ্রে ও এলাকায় গিয়ে সহায়তা দিয়েছি। তবে এখানে পর্যাপ্ত সরকারি সহায়তা দরকার।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল হক বলেন, ‘আমি আশ্রয়কেন্দ্রগুলোতে গিয়ে পানিবন্দী লোকজনের খোঁজ নিচ্ছি। সরকারি সহায়তা হিসেবে ১০ মেট্রিক টন চাল ও শুকনা খাবার চেয়ারম্যান-মেম্বারদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।’