আশ্রয়কেন্দ্রে জনবিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ শহরে এখন মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ঢল নেমেছে। অনেকেই তাদের মানবিক সাহায্য হিসেবে ত্রাণসামগ্রী দিচ্ছে। এই সুযোগে শহরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে থাকা আগের রোহিঙ্গারাও নতুনদের স্রোতে মিশে গিয়ে ত্রাণের লাইনে দাঁড়াচ্ছে।

টেকনাফ থেকে উখিয়া পর্যন্ত সড়কের দুই পাশে হাজার হাজার রোহিঙ্গা অবস্থান করছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিপর্যায়ে ট্রাকে করে তাদের শুকনো খাবার, পুরোনো কাপড়, পানি, খাওয়ার স্যালাইন, রান্না করা খাবার বিতরণ করছে।

নতুন আসা রোহিঙ্গাদের অনেকেই পুরোনো ক্যাম্পগুলোতে ভিড় করছে। নিবন্ধিত ও অনিবন্ধিত প্রতিটি ক্যাম্পেই ২০-২২ হাজার করে অতিরিক্ত মানুষ এসে উঠেছে। ফলে পুরোনো ক্যাম্পগুলোতে আক্ষরিক অর্থেই জনবিস্ফোরণ ঘটেছে। পাহাড়ের ঢালে, খোলা জায়গায়, পথের ধারেও তৈরি হচ্ছে নতুন নতুন ঝুপড়ি-বস্তি।

বড় ক্যাম্প সাতটি

কক্সবাজার জেলায় রোহিঙ্গাদের বড় আশ্রয়কেন্দ্র বা ক্যাম্প সাতটি। উখিয়া ও টেকনাফ উপজেলায় অবস্থিত এসব ক্যাম্পের পাঁচটিই পুরোনো। টেকনাফে তিনটি ক্যাম্পের মধ্যে একটি নতুন। বিজিবির তত্ত্বাবধানে এটি খোলা হয়েছে হোয়াইক্যং ইউনিয়নের পুটিবুনিয়ায়। বিজিবির তত্ত্বাবধানে আরেকটি নতুন ক্যাম্প খোলা হয়েছে উখিয়ার পালংখালিতে।

টেকনাফের পুরোনো বড় দুটি আশ্রয়কেন্দ্রের একটি নিবন্ধিত ও একটি অনিবন্ধিত। অনিবন্ধিত লেদা ক্যাম্পে আগে তালিকাভুক্ত রোহিঙ্গা ছিল ২৬ হাজার ৫৩২ জন। এখানে নতুন উঠেছে আরও প্রায় ২২ হাজার। নয়াপাড়ার সরকারি নিবন্ধিত ক্যাম্পে আগে ছিল প্রায় ২০ হাজার, নতুন উঠেছে আরও ২০ হাজার।

এই সাতটি বড় ক্যাম্প ছাড়াও টেকনাফ ও উখিয়ার বিভিন্ন পাহাড়ের পাদদেশে, খোলা জায়গায়, ব্যক্তিগত জমিতে, পথের ধারে বহু নতুন ঝুপড়ি-বস্তি করে হাজার হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। নতুন রোহিঙ্গাদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

অনিবন্ধিত লেদা ক্যাম্প

টেকনাফ শহরের বড় পুরোনো ক্যাম্প লেদা। এই অনিবন্ধিত ক্যাম্পে আগের জনসংখ্যা ছিল ২৬ হাজার, এখন আরও ২২ হাজার যোগ হয়েছে। গত বুধবার সরেজমিনে দেখা গেছে, ক্যাম্পের ১৫ ফুট বাই ১৫ ফুট একটি ঘরে গাদাগাদি করে ২০-৩০ জন থাকছে।

লেদা ক্যাম্পের পশ্চিম পাশে বি-ব্লক সংলগ্ন সড়কে নূর ইসলামের শুঁটকির দোকান। বেচাকেনা তেমন হচ্ছে না। তবে আড্ডা জমে উঠেছিল বহুকাল পরে দেশের লোকদের পেয়ে। মিয়ানমারের রাশি ডং থানায় ছিল নূর ইসলামের বাড়ি। অল্প কিছু জমিজমা ছিল, চাষাবাদ করতেন। কিন্তু ২০১২ সালে যখন মিয়ানমারের সেনাবাহিনী তাঁর গ্রামে হামলা চালিয়েছিল, তখন তিনি স্ত্রী আর একটি ছেলেকে নিয়ে বাংলাদেশে পালিয়ে আসেন। টেকনাফের লেদা গ্রামে রোহিঙ্গাদের এই আশ্রয়কেন্দ্রে বি-ব্লকের ৩০৪ নম্বর ঘরটি বরাদ্দ পেয়েছেন তিনি। নেমে পড়েছেন শুঁটকির ব্যবসায়। এর মধ্যে আরও চারটি সন্তানও হয়েছে তাঁর। ক্যাম্পের আট হাত লম্বা পাঁচ হাত চওড়া ঘরেই থাকেন সবাই। তবে এখন সেখানে আরও পাঁচজনকে আশ্রয় দিতে হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নতুন আসা মেহমান আবদুর রহিমের সঙ্গে গল্পে মগ্ন ছিলেন নূর মোহাম্মদ।

গত ২৫ আগস্ট থেকে নতুন করে আসা রোহিঙ্গাদের যে জোয়ার শুরু হয়েছে টেকনাফ শহরে, তাতে পুরোনোদের অবস্থা কেমন তা দেখতেই লেদা ক্যাম্পে যাওয়া। লেদা ক্যাম্পের রোহিঙ্গাদের জন্য প্রথমে আশ্রয়কেন্দ্র করা হয়েছিল নে-টং পাহাড়ের পাশে। পরে সেখান থেকে লেদা গ্রামে সরিয়ে আনা হয়। ২৫ একর জায়গার ওপর ক্যাম্পটির একটি অংশ বিভিন্ন দাতা সংস্থার আর্থিক সাহায্যে অবকাঠামো তৈরি করা হয়েছে। জার্মান সম্প্রীতি নামের একটি বেসরকারি সংস্থা ক্যাম্পের বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে। সংস্থাটির দলনেতা ফজলার রহমান জানালেন, এখানে ছয়টি ব্লকে তালিকাবদ্ধ পরিবারের সংখ্যা ৩ হাজার ৯২, জনসংখ্যা ২৬ হাজার। এদের প্রায় সবাই এসেছে ২০১২ সালে। কিন্তু এবারের রোহিঙ্গা স্রোত এই ক্যাম্পেও ঢুকে পড়েছে প্রবলভাবে। প্রায় ২২ হাজার নতুন রোহিঙ্গা এসে উঠেছে এই ক্যাম্পে।

পাহাড়ের ঢালে ইট পাতা সরু পথের দুই পাশে বাঁশে বেড়া আর পলিথিনের ছাউনি দেওয়া লম্বা সারিবদ্ধ ঘর। তবে এখানে খাওয়ার পানি আর শৌচাগারের ব্যবস্থা আছে। এটাই সব থেকে বড় সুবিধা বলে মনে করেন ক্যাম্পবাসী। এখন এত ভিড় যে ক্যাম্পের এই সরু পথে চলতে গেলে গায়ে গায়ে ধাক্কা লাগে। বিশেষ করে প্রতিটি গলিতেই কয়েক ডজন করে শিশু-কিশোর সারা দিন জটলা করে থাকে। প্রতিটি ঘরেই চার পাঁচটি করে সন্তান।

মংগদুর বড় গজর বিল এলাকা থেকে একাই এসেছিলেন তরুণ তৈয়ব আলী। তিনি ক্যাম্পেরই একটি বড় ঘরে প্রতিষ্ঠিত মাদ্রাসায় ছেলেমেয়েদের আরবি পড়ান। বেতন ১ হাজার ২০০ টাকা। এখানে এসেই বিয়ে করেছেন। এখন চার কন্যার জনক। হাসিনা আক্তার ক্যাম্পের বাইরে চা-পানের টং দোকান দিয়েছেন। তাঁর স্বামী মো. হাশেম গত বছর মারা গেছেন এই দোকান আর ছয় সন্তান রেখে। কথা হলো আবু বকর সিদ্দিকের সঙ্গে। রাশি ডং থানার উয়াবেক গ্রামে তাঁর বাড়ি ছিল। এখানে দিনমজুরি করেন। তাঁর স্ত্রী একটি হোটেলে মসলা বাটেন। ছেলেমেয়ে চারজন।

নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প

কক্সবাজারের ত্রাণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনারের সহকারী সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, সাতটি ব্লকে লোকসংখ্যা ২০ হাজার। এখানেও প্রায় ২০ হাজার নতুন রোহিঙ্গা উঠেছে। আই ব্লকের নূরুল আমিনের পরিবারের সদস্য ১৪ জন। মূল ঘরের ভেতরে বেড়া দিয়ে দুই ভাগ করে বসবাস করেন। এখন আবার নতুন করে ১০ জন এসেছে। পুরুষ ও শিশুরা দিনের বেলা ঘরের বাইরে থাকে। রাতে কোনোমতে গাদাগাদি করে ঘুমায়।

নয়াপাড়া ক্যাম্পটি সব থেকে পুরোনো। নিবন্ধিত এই ক্যাম্পের সুবিধা হলো, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পক্ষ থেকে প্রতি মাসে জনপ্রতি ৭০০ টাকার খয়রাতি সাহায্য পান তাঁরা। প্রত্যেকের নামে বায়োমেট্রিক কার্ড আছে। নিবন্ধিত ক্যাম্পের বাসিন্দারা মাসিক সাহায্য পাওয়ায় তুলনামূলকভাবে ভালো আছেন। তবে নয়াপাড়া ক্যাম্পের ভেতরে রাস্তাগুলো কাঁচা। এখানে প্রতিটি ব্লকে একটি করে অনানুষ্ঠানিক বিদ্যালয়ও আছে। বিভিন্ন বেসরকারি সংস্থা পরিচালিত এসব বিদ্যালয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। লেখাপড়া করে কেউ কেউ আবার এসব স্কুলে শিক্ষকতাও করছেন। এফ ব্লকের কামাল উদ্দিন এসএসসি পাস করে আই ব্লকের স্কুলে শিক্ষকতা করছেন, মাসিক বেতন ১ হাজার ২০০ টাকা।

পালংখালিতে নতুন ক্যাম্প

উখিয়া উপজেলায় বিজিবির তত্ত্বাবধানে পালংখালিতে এবার নতুন ক্যাম্প খোলা হয়েছে। এখানে উঠেছে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা। এ ছাড়া কুতুপালংয়ে সরকারি নিবন্ধিত ক্যাম্পে পুরোনো রোহিঙ্গাদের সংখ্যা ১৪ হাজার ৮৭৪। এখানে টিভি স্টেশনের পাশে আরেকটি অনিবন্ধিত আশ্রয়কেন্দ্র আছে। এই কেন্দ্রে পুরোনো রোহিঙ্গার সংখ্যা ৬৫ হাজার। উখিয়ার বালুখালিতে গত বছর একটি আশ্রয়কেন্দ্র খোলা হয়, এখানে আশ্রিতের সংখ্যা ৩২ হাজার ৫০০। এই তিনটি কেন্দ্রে বিপুলসংখ্যক নতুন রোহিঙ্গা এসে উঠেছে। সঠিক সংখ্যা জানা যায়নি।