আশ্রয়কেন্দ্রে থাকা মানুষকে নেওয়া হবে চার জায়গায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ধসের কারণে গৃহহীন হয়ে পড়া ৭০০ পরিবারকে আশ্রয়কেন্দ্র থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। এসব পরিবার এখন শহরের ১৯টি আশ্রয়কেন্দ্রে রয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে পরিবারগুলোকে শহরের চারটি স্থানে সরিয়ে নেওয়া হবে। সেখানে তাদের আগামী ১৫ জুলাই পর্যন্ত রাখার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান। পরে তাদের অন্য কোথাও পুনর্বাসন করা হবে।
রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাত প্রথম আলোকে বলেন, পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো শহরের বিভিন্ন কলেজ, বিদ্যালয় ও সরকারি কার্যালয়ে থাকছে। ৬ জুলাই থেকে বিভিন্ন বিদ্যালয় ও কলেজে ক্লাস শুরু হবে। তাই আগামী দু-তিন দিনের মধ্যে তাদের রাঙামাটি মারী স্টেডিয়ামের ড্রেসিং রুম ও গ্যালারির বিভিন্ন কক্ষে, রাঙামাটি জিমনেসিয়াম হলরুমে, রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের অডিটরিয়ামে ও রাঙামাটি মেডিকেল কলেজের নবনির্মিত ছাত্রাবাসে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া তাঁরা শুরু করেছেন। এই চারটি জায়গায় অন্তত চার হাজার মানুষ থাকতে পারবে।
সহকারী কমিশনার বলেন, ১৫ জুলাই পর্যন্ত ওই চারটি স্থানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে রাখার সিদ্ধান্ত হয়েছে। এরপর সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবেন তাঁরা। তিনি বলেন, গত ১৩ জুন পাহাড়ধসের পর থেকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রায় ৮০০ পরিবারের ৩ হাজার ৪৯০ জন ওঠে। এর মধ্যে প্রায় এক শ পরিবার নিজেদের বাড়িঘরে ফিরে গেছে।
এদিকে গতকাল শুক্রবার সকালে রাঙামাটি সরকারি কলেজ আশ্রয়কেন্দ্র থেকে আরও ১০ পরিবারের ৩৬ জন নিজ বাড়িতে ফিরে গেছে বলে জানান এই কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. ছগির হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, চলে যাওয়া ব্যক্তিরা সবাই শহরের রূপনগর এলাকার বাসিন্দা।
এর আগে ঈদের দিন সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এই আশ্রয়কেন্দ্র ছেড়ে যায় ৩৬ পরিবারের ১০৬ জন। গতকাল পর্যন্ত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, রাঙামাটি সরকারি কলেজ ও বিএডিসি ভবনের আশ্রয়কেন্দ্র থেকে মোট ৮৮টি পরিবার চলে গেছে। পাহাড়ধসে এসব পরিবারের ঘর আংশিক বিধ্বস্ত হয়। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব পরিবার আবারও পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় ঘর মেরামত করে বসবাস শুরু করেছে।
শহরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশ্রয়কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. সাইফুল আলম বলেন, এ পর্যন্ত আশ্রয়কেন্দ্র থেকে চলে যাওয়া ৩৯ পরিবারকে জেলা প্রশাসন থেকে খাবার ও অন্যান্য সহায়তা থেকে বাদ দিয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান বলেন, প্রশাসনের নিষেধ অমান্য করে অনেক পরিবার আশ্রয়কেন্দ্র থেকে গোপনে চলে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে বা আশ্রয়কেন্দ্রে চলে আসার জন্য তাঁরা মাইকিং করে যাচ্ছেন। এরপরও কেউ কথা না শুনলে তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আশ্রয়কেন্দ্র থেকে যেসব পরিবার চলে যাচ্ছে, তাদের অনেকে নিজেদের বাড়িঘর মেরামত করে থাকার উপযোগী করে তুলেছে বলে জানান রাঙামাটি পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, আশ্রয়কেন্দ্রে দীর্ঘদিন থাকতে অনেকে অস্বস্তিবোধ করছে। এ ছাড়া অনেক আশ্রয়কেন্দ্রে নারী-শিশুরা অসুস্থ হয়ে পড়েছে।
১৩ জুন রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় ১২০ জন মারা যায়। এর মধ্যে শুধু রাঙামাটি শহরেই ৭৩ জন প্রাণ হারায়। শহরের ভেদভেদী, শিমুলতলী, উলুছড়া, রূপনগর, পশ্চিম মুসলিমপাড়া, সনাতনপাড়া, যুব উন্নয়ন এলাকায়, ভেদভেদী কিনামনি ঘোনা এলাকায় পাহাড়ধসে শত শত বাড়িঘর বিধ্বস্ত হয়।
আশ্রয়কেন্দ্রে নারী ও শিশুদের অসুস্থ হয়ে পড়ার বিষয়ে রাঙামাটি সিভিল সার্জন শহীদ তালুকদার প্রথম আলোকে বলেন, চিকিৎসকদের ১০টি দল বিভিন্ন আশ্রয়কেন্দ্রে সেবা দিচ্ছে। পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকেও আশ্রয়কেন্দ্রগুলোয় চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। শুক্রবারও (গতকাল) ১৫৮ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। পাহাড়ধসের পর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এ পর্যন্ত ৩ হাজার ৬৯২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
রাঙামাটি বেতার ভবনের আশ্রয়কেন্দ্রের চিকিৎসক দলের প্রধান রনেল চাকমা বলেন, প্রতিদিন ১০ থেকে ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়। রোগীদের বেশির ভাগই ডায়রিয়া, সর্দি ও জ্বরে আক্রান্ত বলে তিনি জানান।