আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে ডাল ভেঙে পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানার পর মা–বাবার হাত ধরে আশ্রয়কেন্দ্রে যাচ্ছিল শিশু রাশেদ (৫)। আশ্রয়কেন্দ্রের কাছাকাছি পৌঁছেও গিয়েছিল তারা। এমন সময় একটি গাছের ডাল ভেঙে শিশু রাশেদের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের খরিদা গ্রামে এ ঘটনা ঘটে। রাশেদের বাবার নাম মো. শাহাজাদ এবং মায়ের নাম এরিনা বেগম। গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ব্যক্তিরা জানান, ঘূর্ণিঝড় আম্পান উপকূলে আঘাত হানায় প্রচণ্ড দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছিল। পানপট্টি আগুনমুখা নদী পার হয়ে খরিদা গ্রামের লঞ্চঘাট এলাকা দিয়ে মা–বাবার সঙ্গে শিশুসন্তান রাশেদ স্থানীয় দক্ষিণ তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে রওনা দেয়। এ সময় গাছের ডাল ভেঙে মাথায় পড়লে ঘটনাস্থলে মারা যায় শিশু রাশেদ।

পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম জানান, শিশু রাশেদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে তার মারা যাওয়ার খবর শুনেছেন তিনি।