আশ্রয়কেন্দ্রের আরেক নতুন অতিথি
পাহাড়ধসে ঘর ভেঙে যাওয়ার পর রাঙামাটি সরকারি কলেজে স্বামী-সন্তানসহ আশ্রয় নিয়েছিলেন অন্তঃসত্ত্বা হোসনে আরা বেগম। সেখান থেকে কিছুদিন আগে রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রাবাসের আশ্রয়কেন্দ্রে এসে ঠাঁই নেন। নতুন সন্তানের মুখ দেখার আশায় দিন গুনছিলেন তিনি। গতকাল বুধবার সন্ধ্যায় রাঙামাটি সদর হাসপাতালে তাঁর কোল আলো করে এসেছে কন্যাসন্তান।
রাঙামাটি মেডিকেল কলেজের নির্মাণাধীন ছাত্রাবাসে প্রসববেদনা শুরু হওয়ার পর তাঁকে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যায় স্বাভাবিক প্রক্রিয়ায় তিনি একটি কন্যাসন্তান প্রসব করেন। শিশুটি হোসনে আরার চতুর্থ সন্তান। তাঁর আরও তিনটি মেয়ে রয়েছে।
হাসপাতালের চিকিৎসক আবদুর রহমান বলেন, মা-মেয়ে সুস্থ আছে। বাচ্চার ওজন হয়েছে ৩ দশমিক ১ কেজি।
স্বামী-সন্তান নিয়ে হোসনে আরা থাকতেন পৌরসভার রূপনগর এলাকায়। ১৩ জুন রাঙামাটিতে পাহাড়ধসে ভেঙে যায় ঘর। অবশ্য কপাল ভালো তাঁর। ঘর ভেঙে পড়ার আগেই স্বামী ও সন্তানদের নিয়ে বের হয়ে যান তিনি। স্বামী মো. সগির ফেরি করে চা-পিঠা বিক্রি করেন।
গতকাল কন্যাসন্তান হওয়ার পর অনুভূতি জানাতে গিয়ে সগির বলেন, তিন কন্যার পর ছেলেসন্তান আশা করেছিলেন তাঁরা। তবে সৃষ্টিকর্তার ইচ্ছেতেই আবারও কন্যাসন্তান হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নবজাতককে নিয়ে আবার আশ্রয়কেন্দ্রেই ফিরবেন তাঁরা।
এ নিয়ে আশ্রয়কেন্দ্রের চার নারী সন্তান প্রসব করলেন। এর মধ্যে ২৪ জুলাই ইয়াসমিন আক্তার নামে এক নারীর সন্তান জন্মের পরপরই মারা যায়। ইয়াসমিন এখনো মেডিকেল কলেজ ছাত্রাবাসের আশ্রয়কেন্দ্রে রয়েছেন। অপর দুই নারী তাঁদের নবজাতককে নিয়ে রাঙামাটির রূপনগরের পুরোনো বাড়িতে ফিরে গেছেন।