মাথার ওপর ঘর ভেঙে পড়ার পরও কীভাবে যেন বেঁচে যান তিন নারী। হঠাৎ গৃহহীন হয়ে এককাপড়ে যেতে হয় তাঁদের আশ্রয়কেন্দ্রে। খাওয়ার কষ্ট, ঘুমের কষ্ট, শৌচাগারের কষ্ট আরও কত কী... অনাগত সন্তানের কথা ভেবে সব মেনে নিয়েছিলেন। তাঁদের অপেক্ষার প্রহর শেষ হয়েছে। সন্তানের চাঁদমুখ দেখে দুর্যোগের যন্ত্রণা ভুলছেন তাঁরা।
১৩ জুন পাহাড়ধসের পর আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয় অন্তঃসত্ত্বা তিন নারীর। গত দুই মাসে তাঁরা সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। ২৩ জুন প্রসববেদনা ওঠে পাখি বেগমের। সঙ্গে সঙ্গে রাঙামাটি সরকারি কলেজ আশ্রয়কেন্দ্র থেকে তাঁকে নেওয়া হয় হাসপাতালে। কন্যাসন্তানের জন্ম দেন তিনি। মেয়ের নাম রাখেন মারিয়া আক্তার। এরপর ২৭ জুন রাঙামাটি টেলিভিশন উপকেন্দ্রে ছেলেশিশুর জন্ম দেন জাহানুর আক্তার নামের আরেক নারী। ছেলেটির নাম রাখা হয় আবু বক্কর সিদ্দিক। সর্বশেষ গত বুধবার হোসনে আরা বেগম নামের এক নারী কন্যাসন্তানের জন্ম দেন।
শিশু মারিয়া ও সিদ্দিক পরিবারের প্রথম সন্তান। হোসনে আরা বেগমের অবশ্য এটি চতুর্থ সন্তান। জন্ম নেওয়ার আগে এই শিশুদের মায়েদের সংগ্রামের গল্পটা প্রায় একই রকমের। তিনজনই রাঙামাটি পৌর সদরের রূপনগর এলাকার বাসিন্দা। সরকারি পাহাড়ে কয়েক বছর ধরে ঘর নির্মাণ করে থাকছিলেন। ১৩ জুন পাহাড়ধসে তাঁদের সবার ঘরই ভেঙেছে। ভাঙা ঘর পেছনে ফেলে স্বজনেরা এই তিনজনকে নিয়ে ছুটে গিয়েছিলেন আশ্রয়কেন্দ্রে। আশ্রয়কেন্দ্র থেকে এখন বাড়ি ফিরেছেন দুই নারী। সঙ্গে সুস্থ দুই নবজাতক। আরেক নারী অবশ্য নবজাতক কোলে করে আবারও আশ্রয়কেন্দ্রে উঠেছেন।
গত বুধবার বিকেলে রূপনগর এলাকায় জাহানুর বেগমের ঘরে গিয়ে দেখা যায় ছেলে আবু বক্করকে পরম মমতায় ঘুম পাড়াচ্ছেন তিনি। পাশে জাহানুরের মা জেসমিন বেগম। তিনি বলেন, মেয়ে ও জামাই তাঁদের সঙ্গেই থাকেন। সেদিন (১৩ জুন) ঘরের একাংশে পাহাড় ধসে পড়ায় প্রাণ বাঁচাতে ছুটে যান আশ্রয়কেন্দ্রে। অন্তঃসত্ত্বা মেয়ের অবস্থা নিয়ে খুব ভয়ে ছিলেন।
আশ্রয়কেন্দ্রে ঠাঁই হওয়ার দুই সপ্তাহ পর ২৭ জুন জাহানুর জন্ম দেন পুত্রসন্তান। ঈদের পরদিন হওয়ায় সেদিনই যেন ঈদের প্রকৃত আনন্দ পান পরিবারের সদস্যরা। আশ্রয়কেন্দ্রেই একজন ধাত্রীর হাতে জন্ম হয় শিশুটির। এই শিশুকে নিজের ঘর দিতে কয়েক দিন পরই তাঁরা আশ্রয়কেন্দ্র ছেড়ে যান। ভাঙা ঘর মেরামত করে আবার থাকতে শুরু করেন।
জাহানুর বলেন, অনেক কষ্ট গেছে। তবে ছেলের মুখের দিকে তাকালে ওই কষ্ট কিছুই মনে হয় না।
পাহাড়ধসে ঘরের একাংশ ভেঙে যাওয়ার পর পাখি বেগমকে নিয়ে তুমুল বৃষ্টির মধ্যে স্বামী জসিম উদ্দিন আশ্রয়কেন্দ্রে গিয়ে ওঠেন। সঙ্গে শাশুড়ি রিজিয়া বেগম। সেখানে ২৩ জুন প্রসববেদনা ওঠে এই নারীর। অনাগত প্রথম সন্তান নিয়ে স্বামী-স্ত্রী দুজনই ভয়ে ছিলেন। তবে ওই রাতেই সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় পাখির প্রথম সন্তান। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নবজাতককে কোলে নিয়েই সরকারি কলেজ আশ্রয়কেন্দ্রে ফেরে পাখির পরিবার। পরে ১৫ জুলাই আশ্রয়কেন্দ্র ছেড়ে রূপনগরের পুরোনো ঘরে ফেরেন। এর আগে ভেঙে যাওয়া ঘরটি মেরামত করা হয়।
গত বুধবার রূপনগরের বাড়িতে পাখি বেগম বলেন, প্রথম সন্তান আসবে—এ নিয়ে চিন্তা এবং খুশি দুটিই ছিল। কিন্তু পাহাড়ধসে সব এলোমেলো হয়ে যায়। সন্তান আসার পর স্বস্তি ফেরে মনে। এখন সব দুঃখ-কষ্ট ভুলে গেছেন তিনি।
শুধু পাখি নন, তাঁর স্বামী ও শাশুড়িও দুর্যোগের কষ্ট ভোলেন নতুন অতিথির দিকে তাকিয়ে। শাশুড়ি রিজিয়া বেগম বলেন, ‘আল্লাহর দানে খুব খুশি হয়েছি। নতুন করে ঘর মেরামত করে নাতনিকে আশ্রয়কেন্দ্র থেকে নিয়ে বাড়ি ফিরেছি।’
হোসনে আরা বেগমের স্বামী মো. সগির ফেরি করে চা-পিঠা বিক্রি করেন। ১৩ জুন ঘর ভেঙে পড়ার আগেই স্বামী ও তিন সন্তানকে নিয়ে বের হয়ে যান অন্তঃসত্ত্বা হোসনে আরা। প্রথমে ওঠেন রাঙামাটি সরকারি কলেজে। সেখান থেকে কিছুদিন আগে রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রাবাসের আশ্রয়কেন্দ্রে এসে ঠাঁই নেন। গত বুধবার সন্ধ্যায় রাঙামাটি সদর হাসপাতালে তাঁর কোল আলো করে এসেছে কন্যাসন্তান।
সন্তান হওয়ার পর অনুভূতি জানাতে গিয়ে বাবা সগির বলেন, আল্লাহ আবারও কন্যাসন্তান দিয়েছেন তাঁদের। তিনি খুশি।