আশ্রয়কেন্দ্রের সঙ্গে প্রস্তুত স্কুল-কলেজের ভবনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকার কয়েক লাখ মানুষ উৎকণ্ঠায় আছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রশাসন প্রস্তুতি নিয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্র জানায়, জেলায় ৩৬০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও ৪৮টি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। স্কুল-কলেজের ভবনও প্রস্তুত রাখা হয়েছে। ১১০টি চিকিৎসা দল গঠন করা হয়েছে। সার্বক্ষণিক যোগাযোগের জন্য একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। জেলায় ছয় হাজার ১৩৫ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন। এদিকে জেলায় বেশি ঝুঁকির মধ্যে রয়েছে বেড়িবাঁধ এলাকার বাইরে বসবাসরত লোকজন। মহিপুর-আলীপুর মৎস্য আড়ত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে উঠেছে। ইতিমধ্যে অধিকাংশ মাছ ধরার ট্রলার গভীর সাগর থেকে উপকূলে নিরাপদে এসে আশ্রয় নিয়েছে। রেড ক্রিসেন্টের কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের দলনেতা শফিকুল আলম জানান, ইতিমধ্যে মানুষ আশ্রয়কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছে। জেলা প্রশাসক অমিতাভ সরকার বলেন, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য শুধু আশ্রয়কেন্দ্রগুলোই নয়, সংশ্লিষ্ট এলাকার স্কুল-কলেজের ভবনও প্রস্তুত রাখা হয়েছে।