আশ্রয়টুকু হারানোর শঙ্কায় সিডরে ক্ষতিগ্রস্ত জয়নব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরের ছোবলে জয়নব বিবির (৩৫) মাথা গোঁজার ঠাঁই ছোট্ট ঝুপড়িঘরটি বিধ্বস্ত হয়। দিশেহারা জয়নবের চারটি সন্তান নিয়ে ঠাঁই হয় খোলা আকাশের নিচে। এরপর প্রথম আলোর পক্ষ থেকে একটি ঘর তুলে দিলে মাথা গোঁজার ঠাঁই হয় জয়নব ও তাঁর সন্তানদের।কিন্তু এখন জয়নব সেই ঠাঁইটুকুও হারাতে বসেছেন। স্থানীয় একদল সন্ত্রাসী ভয়ভীতি দেখিয়ে ও হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে তাঁদের আশ্রয়টুকু দখলে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জয়নব পুলিশের কাছে অভিযোগ করেছেন। জয়নব বিবির বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্দারমানিক নদীর তীরে ইটবাড়িয়া খেয়াঘাট এলাকায়। তাঁর স্বামী রহিম হাওলাদার অনেক আগেই মারা গেছেন। চার সন্তান রিয়াজ (১৯), রুবেল (১৫), হুমায়ুন (১২) দিনমজুর। আর মেয়ে নুপুর (৮) স্কুলে পড়ে। খোয়াঘাটের পূর্ব পাশে জয়নবের ছোট্ট ঘরটি সিডরে বিধ্বস্ত হলে প্রথম আলোর পক্ষ থেকে সেখানে একটি ঘর তুলে সেটি ২০০৮ সালের ২৬ মার্চ তাঁর কাছে হস্তান্তর করা হয়। সেই থেকে ঘরের সামনে একটি চায়ের দোকান ও সন্তানদের আয় দিয়ে চলছিল তাঁর সংসার।জয়নব জানান, সিডরের আগে স্বামী জীবিত থাকতেই স্থানীয় মিজু হাওলাদার নামে এক ব্যক্তির কাছ থেকে জমির দখলিস্বত্ব কিনে সেখানে একটি ঝুপড়ি তুলে বাস করছিলেন তিনি। তিনি অভিযোগ করেন, ৩১ মার্চ রাত ১১টার দিকে মিজু হাওলাদার ও তাঁর লোকজন জয়নবের ঘরের সামনে গিয়ে তাঁকে গালাগাল দেন এবং দরজা ভেঙে তাঁর ঘরে ঢোকার চেষ্টা করেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসাহাক আলী বলেন, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।মিজু হাওলাদার জয়নবকে হুমকি দেওয়া, গালিগালাজ, ইটপাটকেল নিক্ষেপ কিংবা ঘরে ঢোকার চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, আসলে জয়নব যেখানে বাস করছেন, তা খাসজমি। কেউ কাউকে সেখান থেকে উচ্ছেদ বা ওই জমি দখলে নেওয়ার সুযোগ নেই।