আশ্রয়ণ কেন্দ্রগুলো প্রভাবশালী ও রোহিঙ্গাদের দখলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিহীনদের বরাদ্দ দেওয়া কক্সবাজারের টেকনাফ উপজেলার আশ্রয়ণ কেন্দ্রগুলো স্থানীয় প্রভাবশালী ও মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের দখলে চলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।এর মধ্যে আমতলী আশ্রয়ণ কেন্দ্রের বৈধ বাসিন্দারা অভিযোগ করেছেন, কেন্দ্রের কয়েকটি ঘর স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের বাড়িঘরের মালামাল রাখার কাজে ব্যবহার করছেন।এদিকে গতকাল শনিবার দুপুরে টেকনাফ উপজেলা প্রশাসন আশ্রয়ণ কেন্দ্রে অবৈধভাবে থাকা ৩৮টি পরিবার উচ্ছেদ করেছে। এর মধ্যে রোহিঙ্গা পরিবারও রয়েছে।টেকনাফ থানার পুলিশের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।এলাকাবাসী জানায়, কিছু প্রভাবশালী ব্যক্তি ভূমিহীন অসহায় পরিবারগুলোকে ভয়ভীতি দেখিয়ে আশ্রয়ণ কেন্দ্র ছেড়ে চলে যেতে বাধ্য করেছেন। এরপর ঘরগুলো টাকার বিনিময়ে অন্যদের থাকার জন্য ভাড়া দিচ্ছেন।আবার আশ্রয়ণ কেন্দ্রে ঘর বরাদ্দ পাওয়ার পরও অনেকে টাকার বিনিময়ে তা বিক্রি করে অন্যত্র চলে গেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক জনপ্রতিনিধি জানান, নজরদারির অভাবে বরাদ্দ পাওয়া ব্যক্তিরা দখলি স্বত্ব বিক্রি করে দিয়েছেন। পরে তা রোহিঙ্গাসহ অন্য দখলদারদের কাছে চলে যায়।এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা সমবায় কর্মকর্তা বখতিয়ার কামাল প্রথম আলোকে বলেন, অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রকৃত ভূমিহীনদের মাঝে আশ্রয়ণ কেন্দ্রের ঘরগুলো বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২০০০ সালের জুলাই মাস থেকে পর্যায়ক্রমে ভূমিহীন হতদরিদ্র ৩৭০টি পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর বরাদ্দ দেওয়া হয়।টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে তিনটি, শাহপরীর দ্বীপে তিনটি, সাবরাংয়ে আটটি, টেকনাফ সদরের লেঙ্গুরবিলে নয়টি, হ্নীলায় পাঁচটি, বাহারছড়া জাহাজপুরায় সাতটি, হোয়াইক্যং আমতলীতে দুটিসহ ৩৭টি আশ্রয়ণ কেন্দ্র রয়েছে। উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সাবরাং আশ্রয়ণ কেন্দ্রে এখন অবৈধভাবে বাস করছে ২৭টি পরিবার। লেঙ্গুরবিলে রয়েছে ৩৮টি পরিবার। এর মধ্যে রোহিঙ্গাদের সাতটি পরিবার। হ্নীলায় ৩২টি পরিবারের মধ্যে রোহিঙ্গাদের তিনটি পরিবার রয়েছে। এ ছাড়া শাহপরীর দ্বীপে ১০টি পরিবার অবৈধভাবে বাস করছে।সাবরাং আশ্রয়ণ কেন্দ্রে অবৈধভাবে থাকা মিয়ানমারের নাগরিক আবদুল জলিল (৪৮) প্রথম আলোকে বলেন, ‘এখানে আমার নামে কোনো বরাদ্দ নেই। তিন বছর আগে পাঁচ হাজার টাকার বিনিময়ে একটি কক্ষ কিনে বসবাস করছি।’এদিকে আশ্রয়ণ কেন্দ্রের বৈধ বাসিন্দারাও ভালো নেই। শাহপরীর দ্বীপ আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা হামিদা বেগম (৩৮) প্রথম আলোকে বলেন, ‘ঘর নির্মাণের পর থেকে ছাউনি ও বেড়া সংস্কার করা হয়নি। আমাদের কোনো কাজও নেই। ফলে জীবন চালানোই দায় হয়ে পড়েছে।’আশ্রয়ণ কেন্দ্রের আরেক বাসিন্দা খলিলুর রহমান (৪২) প্রথম আলোকে বলেন, ‘আশ্রয়ণ কেন্দ্রে ওঠার পর কেউ আমাদের আর কোনো খোঁজ নেয়নি। এখানে বরাদ্দ পাওয়া অধিকাংশ ব্যক্তি নিজের ঘর রোহিঙ্গাদের কাছে বিক্রি করে অন্যত্র চলে গেছেন।’এক প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, ঘর বিক্রি করার বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করলেও কোনো কাজ হয়নি। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, আশ্রয়ণ কেন্দ্রে অবৈধভাবে থাকা পরিবারের একটি তালিকা হয়েছে। গতকাল এ রকম ৩৮টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও চলবে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিম উদ্দিন বলেন, আশ্রয়ণ কেন্দ্র থেকে রোহিঙ্গাসহ অবৈধ বাসিন্দাদের উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হচ্ছে।