আশ্রয়ণ প্রকল্পের সম্পদ প্রভাবশালীদের পেটে!
বরিশালের গৌরনদী উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্প বিএনপির সাবেক এক নেতাসহ স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ভোগদখল করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নলচিড়া ইউনিয়নের বোরাদী গরঙ্গল গ্রামের খাসজমিতে দুস্থদের জন্য প্রকল্পটি হাতে নেওয়া হয়। এ জন্য ওই জমিতে ৩০ লাখ টাকা ব্যয়ে মাটিও ভরাট করা হয়। তারপর আর সরকারি কোনো উদ্যোগ না থাকায় সেখান থেকে দখলদারদের উচ্ছেদও করা হয়নি; কোনো ভূমিহীনের আশ্রয়ও হয়নি।স্থানীয় বাসিন্দা মো. শাহজাহান কবির ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকারি মাল, দরিয়ামে ঢাল। তা না হলে সরকার প্রকল্পটিতে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ের পর তা কীভাবে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা দখল করে? এটা এ দেশেই সম্ভব।’স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম ও মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, উপজেলার ভূমিহীন ও দুস্থদের জন্য ২০০০ সালে প্রকল্পটি হাতে নেওয়া হয়। এ জন্য এলাকার প্রায় ছয় একর খাসজমিতে ৩০ লাখ টাকার মাটি ভরাট করা হয়। এখানে ২০০ ভূমিহীনের আশ্রয় হওয়ার কথা।স্থানীয় লোকজনের অভিযোগ, ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মো. আবদুল জলিল আকন, তাঁর সহোদর হারুন অর রশিদ আকন, হায়দার আকন ও একই গ্রামের আলতাফ মৃধা, ফরিদ মৃধা ও কালু মৃধা জাল কাগজপত্র তৈরি করে জমির মালিকানা দাবি করে গৌরনদী ভূমি কার্যালয়ে আবেদন করেন।ওই কার্যালয়ের সার্ভেয়ার মো. আবুল কালাম জানান, ২০০১ সালের এপ্রিলে ভূমি কার্যালয়ের তদন্ত শেষে আবেদনপত্রটি খারিজ হয়ে যায়। পরে ২০০২ সালে চক্রটি গৌরনদী সহকারী জজ আদালত ও বরিশাল জজ কোর্টে আরও দুটি মামলা করে। এখানেও পরাজিত হয়ে আবদুল জলিল হাইকোর্টে একটি রিভিশন মামলা করেন। হাইকোর্ট জমির ওপর স্থিতাবস্থা জারি করেন। এ অবস্থায় জলিল তাঁর লোকজন নিয়ে ১০ বছর ধরে সরকারি দীঘির মাছ ও জমির লাখ লাখ টাকার ফসল ভোগ করছেন।পিংলাকাঠী বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের নির্বাহী পরিচালক মো. শাহজাহান কবির অভিযোগ করেন, আবদুল জলিল আকন ওই জমিসংলগ্ন নিজস্ব জমির কাগজপত্র দিয়ে হাইকোর্টে মামলা করেন। অথচ তিনি স্থিতাবস্থার সাইন বোর্ডটি টাঙ্গিয়েছেন খাসজমির ওপর। সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেই তিনি এ কাজ করেছেন। তবে সরকারের উদাসীনতায় ওই সম্পত্তি উদ্ধার হচ্ছে না।এদিকে জলিল আকনসহ একাধিক দখলদার জানান, ১৯৬৭-৬৮ সালে ৯২ নম্বর মিস কেস বলে তাঁরা ওই জমির মালিক। তবে সার্ভেয়ার মো. আবুল কালাম জানান, তাঁদের এ দাবি সত্য নয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস আলী বলেন, ‘ওই জমির মালিক মূলত সরকার। আমরা মামলা করেছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।