আশ্রয়ণকেন্দ্রের জায়গায় তোলা ঘর উচ্ছেদ মালিককে জরিমানা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা আশ্রয়ণকেন্দ্রের জায়গা দখল করে অবৈধভাবে তোলা দোকানঘর উপজেলা প্রশাসন গতকাল বুধবার দুপুরে উচ্ছেদ করেছে। এ ছাড়া দোকানঘরের মালিক নজরুল ইসলাম মোল্লাকে এক হাজার টাকা জরিমানাও করা হয়।
গতকাল বুধবার প্রথম আলোয় ‘আশ্রয়ণকেন্দ্রের জায়গা দখল করে দোকানঘর’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর কর্তৃপক্ষ এ ব্যবস্থা নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ জানান, দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের নজরুল ইসলাম মোল্লা, তাঁর ভাই ইসমাইল মোল্লাসহ স্থানীয় কয়েকজন আশ্রয়ণকেন্দ্রের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করেন। গতকাল প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন প্রকাশের পর দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উচ্ছেদ অভিযান চালানো হয়। নির্বাহী হাকিম হিসেবে তিনি নিজেই অভিযানের নেতৃত্ব দেন এবং কয়েকজন শ্রমিক দোকানঘরটি উচ্ছেদ করে পাশের খালে ফেলে দেন। এ ছাড়া দোকানঘরের পাশে কয়েক শ মিটার জায়গায় স্থানীয় কয়েক ব্যক্তি বাঁশের বেড়া দিয়ে আটকে দখল করায় সেগুলোও কেটে খালে ফেলে দেওয়া হয়। অভিযানকালে উপজেলা সমবায় কর্মকর্তা বি এম নজরুল ইসলাম, গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনও আরও জানান, সরকারি জায়গা অবৈধভাবে দখল করার অপরাধে দোকানঘর মালিক নজরুল ইসলামকে এক হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।