আশ্রয়ণের পুকুরে শৌচাগারের ময়লা বাসিন্দাদের ভোগান্তি
শৌচাগারের ময়লায় বরগুনার তালতলী উপজেলার দক্ষিণ সওদাগরপাড়ার আশ্রয়ণ প্রকল্পের পুকুরের পানি দূষিত হয়ে পড়েছে। শৌচাগারের ট্যাংকগুলো পুকুরপাড়ে নির্মাণ করায় এ সমস্যা দেখা দিয়েছে। এ ছাড়া এখানে স্থাপন করা ১২টি গভীর নলকূপের মধ্যে আটটিই নষ্ট থাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।আমতলী উপজেলা ত্রাণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে বড়বগী ইউনিয়নের গৃহহারা মানুষের পুনর্বাসনের জন্য সরকার নৌবাহিনীর মাধ্যমে দক্ষিণ সওদাগরপাড়ার আশ্রয়ণটি তৈরি করে। এখানে ২৪টি ব্যারাকে ১২৫টি কক্ষ আছে। প্রতিটি ব্যারাকের জন্য দুটি স্বাস্থ্যসমঞ্চত শৌচাগার নির্মাণ করা হয়।আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা লাইলী বেগম জানান, পুকুরের পানিতে শৌচাগারের ময়লা পড়ায় রান্না ও গৃহস্থালির কাজের জন্য প্রয়োজনীয় পানি আধা কিলোমিটার দূরের গ্রামগুলো থেকে সংগ্রহ করতে হয়।বড়বগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, শৌচাগারগুলোর ট্যাংক পুকুরপাড়ের নরম মাটিতে বসানো হয়েছিল। বৃষ্টির পানিতে এখন সেগুলো দেবে গেছে। এ কারণে পুকুরের কাছাকাছি বসানো শৌচাগারে ট্যাংকের দেয়াল ভেঙে পানিতে ময়লা পড়ছে। আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রথীন্দ্রনাথ মজুমদার বলেন, পুকুর থেকে শৌচাগারের ময়লার ট্যাংকগুলো সরানো উচিত।