গত অক্টোবরে গাজীপুরে আসওয়াদ কম্পোজিট মিলস নামের একটি কারখানায় সাতজন শ্রমিক নিহত হয়েছিলেন। ওই কারখানার শ্রমিকেরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে (এইচআরডব্লিউ) বলেছেন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাকমতো কাজ করলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা এড়ানো যেত। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি এ কথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে পোশাক খাতে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। এসব ঘটনায় এক বছরে নিহত হয়েছেন সহস্রাধিক শ্রমিক। সর্বশেষ ঘটনাটি ঘটে গত অক্টোবরে গাজীপুরের আসওয়াদ কম্পোজিট মিলসে। ওই কারখানাটি দেশের অন্য সব পোশাক কারখানায় কাপড় সরবরাহ করে, যে কাপড় দিয়ে ইউরোপ আমেরিকার নামীদামি সব ব্রান্ডের পোশাক তৈরি হয়। কাজেই কারখানায় এ ধরনের ঘটনা এড়াতে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
বাংলাদেশ সরকার এবং পশ্চিমা পোশাক কোম্পানি প্রাইমার্ক জানিয়েছে, আসওয়াদ কম্পোজিটে অগ্নিকাণ্ডের আগেই ওই কারখানায় নিরাপত্তা ঘাটতির বিষয়টি তাদের নজরে এসেছিল। কিন্তু এর পরও কারখানা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
অগ্নিকাণ্ডের সময় কারখানায় উপস্থিত এক শ্রমিক এইচআরডব্লিউকে জানিয়েছেন, অন্যদের সঙ্গে তিনিও আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সেখানে আগুন নিভিয়ে ফেলার জন্য যে পরিমাণ পানি দরকার ছিল তা সেখানে ছিল না।
আরেক শ্রমিক জানান, কারখানার চিমনি থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কারণ, কারখানায় কাপড়, সুতা ও রং করার রাসায়নিক স্তূপ করে রাখা ছিল।