আসওয়াদের ঘটনায় দোষীদের বিচারের দাবি
গাজীপুরের আসওয়াদ গার্মেন্টসে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা।
গতকাল বুধবার দুপুরে শহরের চাষাঢ়া শহীদ মিনারে আয়োজিত সমাবেশে ওই দাবি জানানো হয়। এ সময় ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও ন্যূনতম মজুরি আট হাজার টাকা ঘোষণার দাবি জানানো হয়।
শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাসদের জেলা কমিটির নেতা আবু নাঈম খান, হাসনাত কবির, সাইদুর রহমান, আবদুল কাদির প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মালিকদের দায়িত্বহীনতার কারণে গাজীপুরে পলমল গ্রুপের আসওয়াদ গার্মেন্টসে আগুন লেগে শ্রমিকদের প্রাণহানি ঘটেছে। অগ্নিদগ্ধ হয়েছেন অনেকে।
বক্তারা নারায়ণগঞ্জের বন্ধ হওয়া টেক্স টেক উন্ড মেয়ার প্রাইভেট লিমিটেড কারখানা খুলে দিয়ে শ্রমিকদের দুই মাসের বকেয়া পাওনা পরিশোধ করার দাবি জানান।
সমাবেশের আগে শহরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।