চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ২৬ জন মারা গেছেন। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ তথ্য জানিয়েছে। তবে আরেক মানবাধিকার সংস্থা অধিকার বলেছে, এ সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মারা গেছেন ২৪ জন। দুটি সংগঠনই বিচারবহির্ভূত এসব হত্যাকাণ্ডের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে।গত বৃহস্পতিবার আসক এবং অধিকার পৃথকভাবে তিন মাসের মানবাধিকার পরিস্থিতির ওপর প্রতিবেদন প্রকাশ করেছে।আসক জানায়, তিন মাসে র্যাবের ক্রসফায়ারে ১১ জন, পুলিশের ক্রসফায়ারে চারজন, র্যাব ও পুলিশের যৌথ ক্রসফায়ারে তিনজন মারা গেছেন। অন্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মারা গেছেন।অধিকারের প্রতিবেদনে বলা হয়, র্যাবের ক্রসফায়ারে ১২ জন, পুলিশের ক্রসফায়ারে নয়জন এবং র্যাব-পুলিশের যৌথ অভিযানে তিনজন মারা গেছেন। তাছাড়া আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে পাঁচজন মারা যান। এ ছাড়া বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে ২০ জন এবং বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষে ৫২ জন মারা গেছেন।আসকের তথ্য অনুসারে, বিগত তিন মাসে ৭৪ জন সাংবাদিক হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। আর অধিকার বলছে, এ সময় সাংবাদিক হয়রানির ৯৭টি ঘটনা ঘটেছে।