ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ, গণমাধ্যমকর্মীদের বাধা ও প্রতিপক্ষের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
গতকাল বৃহস্পতিবার আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামালের সই করা বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে বিভিন্ন ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা, ক্ষমতাসীন দলের কর্মীদের কেন্দ্র দখল ও সহিংস আচরণের অভিযোগও উল্লেখযোগ্য। এ ধরনের ঘটনা গণতন্ত্র ও গণপ্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলেছে, যা কোনোভাবেই কাম্য নয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি করপোরেশন নির্বাচনের সময় বিভিন্ন ঘটনায় সার্বিকভাবে গণতন্ত্র, সবার ভোট প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ততা ও জনগণের কার্যকর অংশগ্রহণের অবাধ সুযোগ দেখা যায়নি। অন্যদিকে ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভোট বর্জনের ঘোষণাও অনভিপ্রেত।