আসকের পরিচালক নূর খানকে অপহরণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খানকে (মাঝে) অপহরণের চেষ্টার বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলছেন সংস্থার নির্বাহী পরিচালক সুলতানা কামাল৷ ছবিটি সংস্থার কার্যালয়ের ভেতর থেকে তোলা l প্রথম আলো
আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খানকে (মাঝে) অপহরণের চেষ্টার বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলছেন সংস্থার নির্বাহী পরিচালক সুলতানা কামাল৷ ছবিটি সংস্থার কার্যালয়ের ভেতর থেকে তোলা l প্রথম আলো

এবার রাজধানীতে বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিচালক মো. নূর খানকে অপহরণের চেষ্টা করেছে মাইক্রোবাস আরোহী একদল দুর্বৃত্ত৷ তবে আগে থেকে সতর্ক থাকায় তিনি দৌড়ে অদূরে নিজ কার্যালয়ে ঢুকে পড়ায় রক্ষা পান৷
গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার পর লালমাটিয়ায় আসক কার্যালয়ের অদূরে এ ঘটনা ঘটে৷
দেশে অব্যাহত গুম-অপহরণের বিষয়ে গণমাধ্যমে কথা না বলতে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে অচেনা এক ব্যক্তি সতর্ক করার এক সপ্তাহের মাথায় এ ঘটনা ঘটল৷
ঘটনার বিবরণ দিয়ে নূর খান প্রথম আলোকে বলেন, গতকাল বিকেল পাঁচটার পরপর তিনি নিজ কার্যালয়ের সামনে থেকে রিকশায় করে বাসায় ফিরছিলেন৷ সঙ্গে ছিলেন এক সহকর্মী৷ রিকশায় ওঠার সময় সামনের মোড়ে একটি সাদা রঙের ও স্বচ্ছ কাচের মাইক্রোবাস তাঁর কার্যালয়ের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে দেখেন৷ তখন তিনি রিকশায় ডান দিকে বসা ওই সহকর্মীকে মাইক্রোবাসটির গতিবিধি লক্ষ রাখতে বলেন৷
নূর খান বলেন, তাঁদের রিকশাটি নিকটস্থ মোড় ঘুরে আনুমানিক ২০ গজ দূরে যাওয়ামাত্রই মাইক্রেবাসটি রিকশার ঠিক পাশে এসে ব্রেক কষে৷ তখন মাইক্রোবাসে থাকা ব্যক্তিদের সবাই তাঁর দিকে তাকিয়ে ছিলেন৷ মুহূর্তের মধ্যে মাইক্রোবাসটি কয়েক গজ সামনে গিয়ে পথ আগলে দাঁড়ায়৷ বিপদ অঁাচ করতে পেরে নূর খান রিকশাচালককে দ্রুত রিকশা ঘোরাতে বলেই লাফ দিয়ে নেমে পড়েন এবং দৌড়ে নিজ কার্যালয়ে ঢুকে পড়েন৷
তাঁর সহযাত্রী (নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ করা হলো না) জানান, নূর খান দৌড় দেওয়ার পর মাইক্রোবাসটি দ্রুত ধানমন্ডির দিকে চলে যায়৷ তিনি বলেন, মাইক্রোবাসে আরোহী যুবকদের মাথার চুল ছোট করে ছাঁটা ছিল৷
নূর খান প্রথম আলোকে বলেন, কারও সঙ্গে তঁার কোনো ব্যক্তিগত বিরোধ নেই৷ আইন ও সালিশ কেন্দ্র দীর্ঘদিন ধরে গুম, অপহরণ ও বিচারবহিভূর্ত হত্যাকাণ্ড নিয়ে কাজ করছিল৷ তিনি এসব বিষয়ে এবং সর্বশেষ নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন৷ এ কারণে ক্ষুব্ধ কোনো গোষ্ঠী তাঁকে অপহরণের চেষ্টা করে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন৷ এ ঘটনায় নূর খান বাদী হয়ে গত রাতেই মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন৷ ঘটনার পরপর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শিহাব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন৷
জানতে চাইলে আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল প্রথম আলোকে বলেন, গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনীয় অপরাধের বিষয়ে নূর খান বেশ সরব ছিলেন৷ তাই ধারণা করছেন, এসব বিষয়ে যাদের বিরুদ্ধে নূর খান কথা বলেছেন, তেমন ক্ষুব্ধ কোনো পক্ষ এ ঘটনায় জড়িত থাকতে পারে৷
নূর খান জানান, গত ৬ এপ্রিল অচেনা এক ব্যক্তি আসক কার্যালয়ে গিয়ে সেখানকার নিরাপত্তাকর্মীর কাছে নূর খান কোন গাড়িতে চলাফেরা করেন, গাড়ির চালকের নাম কী ইত্যাদি বিষয়ে জানতে চান৷ ওই ব্যক্তি সকাল থেকে বিকেল পর্যন্ত আসক কার্যালয়ের সামনে অবস্থান করেন৷ এর পর থেকে মোটরসাইকেলে যে তাঁকে অনুসরণ করা হচ্ছে, তা টের পান৷ এ ঘটনায় গত ২০ এপ্রিল তিনি মোহাম্মদপুর থানায় জিডি করেন৷ এরপর গত ৮ মে তাঁর বাসার পাশে একটি মসজিদে নামাজ পড়ছিলেন৷ তখন তাঁর পাশে দাঁড়িয়ে নামাজ পড়া আরেক ব্যক্তি নামাজ শেষে নিজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে কথা বলেন৷ ওই ব্যক্তি গুম, খুন, অপহরণ ও র৵াবের বিষয়ে বুঝেশুনে গণমাধ্যমে কথা বলতে নূর খানকে পরামর্শ দেন৷ অন্যথায় বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেন ওই ব্যক্তি৷
এদিকে নূর খানকে অপহরণ চেষ্টার খবর পেয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান গভীর উদ্বেগ প্রকাশ করেছেন৷