আসগরের পরিবারের প্রতীক্ষার অবসান
সুদানে দুর্বৃত্তদের গুলিতে নিহত পুলিশ সদস্য আসগর আলীর মরদেহের জন্য ১৩ দিন ধরে প্রতীক্ষায় ছিলেন তাঁর স্ত্রী সেলিনা খাতুন ও স্বজনেরা। অবশেষে গত শনিবার সন্ধ্যায় আসগরের মরদেহ তাঁর গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার হুইখালী গ্রামে পৌঁছানোর পর তাঁদের প্রতীক্ষার অবসান হয়। ১১ আগস্ট আসগর জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। বাড়িতে মরদেহ পৌঁছানোর পর আসগরের স্ত্রী ও আত্মীয়স্বজনের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। আসগর আলীর বাবা জোয়ার্দ্দার প্রামাণিক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সগলে কইছিল আমার ছেলের জন্ডিস হইছে। এহন আমার ছেলে লাশ হয়া দ্যাশে আইল। আমার দুই নাতিকে এহন আমি কী সান্ত্বনা দেব?’১৯৯৬ সালের ১ মার্চ বাংলাদেশ পুলিশে যোগ দেওয়া আসগর আলী গত ৮ জুন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সুদানে যান। তিনি দারফুরে আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘের যৌথ শান্তিরক্ষা মিশনে কর্মরত ছিলেন। জাতিসংঘের একটি স্থাপনা পাহারা দেওয়ার সময় ১১ আগস্ট ভোরে দুর্বৃত্তদের গুলিতে আসগর নিহত হন। তিনি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।শনিবার সকাল নয়টার দিকে তাঁর মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে লাশ রাজারবাগ পুলিশ লাইনে নেওয়া হয়। সেখানে দুপুর সাড়ে ১২টায় তাঁর প্রথম জানাজা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মরদেহ তাঁর গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। রাত আটটার দিকে হুইখালী ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। সেখানে জানাজায় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোখলেসুর রহমান, পাবনার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, বেড়া-সাঁথিয়া সার্কেলের এএসপি খান মোহাম্মদ আবু নাসের, সাঁথিয়ার ইউএনও এনামুল হকসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।