আসছে কৃষি রেডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার চন্দ্রা গ্রামে চায়ের দোকানে বসে কৃষক আ. মজিদ তাঁর প্রতিবেশী কৃষক লতিফ হাওলাদারকে বোঝাচ্ছিলেন, ‘কোন সময়ে কোন এলাকার খেতে পোকা লাগছে, কখন কোন গ্রামের কৃষকের কী ব্যবস্থা নেওন লাগবে, তা ঘরে বইয়াই মোরা জানতে পারমু। কৃষি স্যারেগো আর খেতে খেতে দৌড়ান লাগবে না। সব খবর খেত বা ঘরে বইসা পাওয়া যাইবে।’লতিফ হাওলাদারের পাল্টা প্রশ্ন, ‘খবর কি তোমারে জিন-পরিতে দিয়া যাইবে, মিয়া?’ মজিদের জবাব, ‘খবর দিব রেডিও। জানো না, এলাকায় কৃষি রেডিও চালু হইতেছে?’কিছুদিনের মধ্যেই আমতলী থেকে দেশের একমাত্র কৃষি রেডিওর সম্প্রচার শুরু হবে; কমিউনিটি রেডিওগুলোর মধ্যে একমাত্র সরকারি এফএম রেডিও। আমতলী শহরে কলেজ রোডে কৃষি রেডিও স্টেশনটি স্থাপন করা হয়েছে। নিজ এলাকায় একটা সম্পূর্ণ রেডিও স্টেশন হওয়ায় সব শ্রেণীর মানুষের মধ্যে আগ্রহ দেখা গেছে। একদিকে যেমন রেডিওর সুবিধাভোগী জনগোষ্ঠীর কৌতূহল, অপরদিকে রেডিওর বিভিন্ন কার্যক্রম ও অনুষ্ঠানে অংশ নিতে শিল্পী-কর্মীরাও উৎসাহ নিয়ে প্রতিদিন রেডিও স্টেশনে ভিড় করছেন।কমিউনিটি রেডিও স্থাপনে সহায়তা করছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) নামের একটি বেসরকারি সংস্থা। এর প্রধান কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান জানান, গ্রামীণ জনগোষ্ঠীর কাছে তাদের প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিতে বাংলাদেশে প্রথমবারের মতো ১৪টি কমিউনিটি রেডিও চালু হচ্ছে। দেশের উপকূলবর্তী অঞ্চল এবং অনগ্রসর জনপদ থেকে রেডিওগুলো সম্প্রচার কার্যক্রম চালাবে। ১৪টির মধ্যে ১৩টি চালাবে বেসরকারি সংস্থা। কমিউনিটি রুরাল রেডিও বা কৃষি রেডিও নামের আমতলী উপজেলায় স্থাপিত রেডিওটি চালাবে কৃষি মন্ত্রণালয়।বজলুর রহমান আরও জানান, রেডিওগুলোর মধ্যে বরগুনা সদরে স্থাপিত ম্যাসলাইন মিডিয়া সেন্টার (এমএমসি) পরিচালিত ‘লোক বেতার’ রেডিওসহ আরও পাঁচটি কমিউনিটি রেডিও গত মে থেকে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করছে। এ বছরের সেপ্টেম্বরের মধ্যে পর্যায়ক্রমে বাকি নয়টি রেডিও সম্প্রচারে যাবে।কৃষি রেডিওর স্টেশন ম্যানেজার শরীফ ইকবাল জানান, অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে কৃষি, বাণিজ্য, কমিউনিটির শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ, নারীর অধিকার, গ্রামীণ ও এলাকাভিত্তিক উন্নয়ন, পরিবেশ, আবহাওয়া, সংস্কৃতি—সব বিষয়ে অনুষ্ঠান সম্প্রচার করবে কৃষি রেডিও। রেডিওর সব কাজে স্থানীয় জনগোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হবে। এই স্টেশন থেকে ১৭ কিলোমিটারের মধ্যে যেকোনো রেডিও বা মুঠোফোনের মাধ্যমে অনুষ্ঠান শুনতে পারবেন শ্রোতারা।‘শুরুটা সরকারের কৃষি মন্ত্রণালয় করলেও দক্ষ লোকবল তৈরি হলে কৃষি রেডিওর দায়িত্ব ও মালিকানা স্থানীয় পর্যায়ে ছেড়ে দেওয়া হবে।’ বললেন কৃষি মন্ত্রণালয়ের কৃষি তথ্য সার্ভিসের জাতীয় প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম। তিনি আরও বলেন, ‘গ্রামীণ জনপদের উন্নয়ন তথা মানুষের সচেতনতা বাড়ানোই কমিউনিটি রেডিওর প্রধান লক্ষ্য। এই রেডিও দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে মানুষের বেশি কাজে আসবে।’ রেডিওর সম্প্রচার ক্ষেত্র বাড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রয়োজনের তাগিদে রেডিওটির সম্প্রচার ক্ষেত্র বাড়ানোর চিন্তাভাবনা আমরা করছি।’