আসছে পূজা, তৈরি হচ্ছে প্রতিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলাই পালের গড়া প্রতিমার ছবিটি পুরান ঢাকার নর্থব্রুক হল রোড জমিদারবাড়ির পূজামণ্ডপ থেকে বুধবার বিকেলে তোলা l জয়দেব সরকার
বলাই পালের গড়া প্রতিমার ছবিটি পুরান ঢাকার নর্থব্রুক হল রোড জমিদারবাড়ির পূজামণ্ডপ থেকে বুধবার বিকেলে তোলা l জয়দেব সরকার

বড় একটি ঘরে সাদা প্রতিমাগুলো রাখা। একেকটি পাত্রে রাখা হয়েছে লাল, গোলাপি, হলুদ, সবুজসহ নানা রং। কেউ রং লাগাচ্ছেন, কেউ মাটির প্রলেপ দিচ্ছেন। কারিগরেরা ভীষণ ব্যস্ত। দুর্গাপূজা আসতে তো আর দেরি নেই।

পুরান ঢাকার নর্থব্রুক হল রোডের জমিদারবাড়ি হিসেবে পরিচিত শ্রীশ্রী দুর্গামন্দিরে নানা আকারের দুর্গাপ্রতিমা বানানো হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দেখা যায়, শিল্পী বলাই পাল একেকজনকে নির্দেশনা দিচ্ছিলেন—কোনটায় কী দিতে হবে। বংশপরম্পরায় তাঁরা প্রতিমা গড়েন। এ সময়টা এলে বিভিন্ন জেলায় ঘুরে প্রতিমা গড়ার কাজে বেরিয়ে পড়েন। তবে এবার বন্যা হওয়ায় নিজের প্রতিষ্ঠান ‘শিমুলিয়া শিল্পালয়’ নিয়েই ব্যস্ত।

বলাই পাল বলেন, রথের পর থেকে তাঁরা প্রতিমা গড়ার কাজ শুরু করেন। প্রতিমা গড়ার সময় নিয়ে তিনি বললেন, ‘একটা পুরো সেট পাঁচ-ছয়জন মিলে বানাইতে ১৫ দিন সময় লাগে।’ তাঁর প্রতিষ্ঠানে আটজন কারিগর। কাঠ, বাঁশ, খড়, এঁটেল ও বেলেমাটি দিয়ে মূলত প্রতিমা বানানো হয়। তিনি বলেন, রাজধানীর অনেক মণ্ডপেই তাঁর প্রতিষ্ঠানের প্রতিমা দিয়ে পূজা হয়।

দরজার পাশেই প্রায় ১১ ফুট উঁচু একটি প্রতিমার কাঠামো দেখা গেল। শুকানোর অপেক্ষায় রেখে দিয়েছেন। বলাই পাল জানালেন, বসুন্ধরা থেকে এই প্রতিমার ফরমাশ এসেছে। এটিই তাঁর এখানে সবচেয়ে বড়। দাম দেড় লাখ টাকা। তবে একেকটি প্রতিমা গড়তে সর্বনিম্ন ৭০ হাজার এবং সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত মজুরি নেন তিনি।

দুর্গাপ্রতিমা ছাড়াও গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমা গড়েন বলাই পাল। এবার ১৪টি ফরমাশ পেয়েছেন। আগের চেয়ে প্রতিমা এখন বেশি হয়। কারণ হিসেবে বললেন, ‘মণ্ডপ বেড়েছে। একই এলাকায় এখন অনেক মণ্ডপে পূজা হয়।’

পুরান ঢাকার শাঁখারীবাজারেও প্রতিমা বানানো হয়। বলাই পালের ভাই হরিপদ পালের প্রতিষ্ঠান ‘শিমুলিয়া ভাস্কর শিল্পালয়’ এখানে। পাশে আরও একটি দোকানে প্রতিমা বানানো হচ্ছে। কার্তিক পাল নামের এক কারিগর মাঝারি আকারের একটি দুর্গাপ্রতিমার চোখ আঁকছিলেন। তিন বছর ধরে প্রতিমা গড়েন। তিনি বলেন, ‘আমাদের যা আয় এ সময়েই। ভোরবেলা শুরু করি। মাঝরাতও হয়ে যায়।’ প্রতিমা গড়ার অনুভূতি নিয়ে বলেন, ‘মায়ের কাজ করতে ভালোই লাগে।’ আর বলাই পাল বলেন, ‘এটা সাধনার জিনিস। মায়ের রূপ অন্তরে নিয়ে কাজ করতে হবে। তাহলেই সেটা সুন্দর হবে।’

কেরানীগঞ্জে শেষ সময়ের ব্যস্ততা

প্রথম আলোর কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধিজানান,ঢাকার কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় স্বর্গপুরী দেবমন্দিরে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন নানা রঙে সাজাতে ব্যস্ত শিল্পীরা।

গত সোমবার দুপুরে স্বর্গপুরী দেবমন্দিরে গিয়ে দেখা যায়, ৩০টি দুর্গাপ্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। এখন তুলির আঁচড় দিচ্ছেন কারিগরেরা। দীর্ঘদিন ধরে প্রতিমা তৈরির কাজ করছেন তপন পাল (৫২)। তাঁকে সাহায্য করছেন আরও চার কর্মচারী। তপন পাল বলেন, ‘বাবা বলাই পালের কাছ থেকে প্রতিমা তৈরির কাজ শিখেছি আমি। প্রায় ৪০ বছর ধরে আমরা পারিবারিকভাবে প্রতিবছর দুর্গা, গণেশ, মনসা, লক্ষ্মী, সরস্বতীসহ বিভিন্ন মূর্তি তৈরি করে আসছি।’ তিনি বলেন, ‘এ বছর জ্যৈষ্ঠ মাস থেকে ৩০টি দুর্গাপ্রতিমা তৈরির কাজ শুরু করেছি। গত সপ্তাহে প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। এখন মূর্তিকে রং দিয়ে সাজানোর পালা। আমাদের তৈরি প্রতিমা কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ, দোহার, নবাবগঞ্জ, পুরান ঢাকাসহ এর আশপাশের অঞ্চলের মন্দিরগুলোতে সরবরাহ করে থাকি। আমাদের তৈরি একেকটি প্রতিমার সর্বনিম্ন দাম ১৫ হাজার টাকা। সর্বোচ্চ দাম এক লাখ টাকা। এ ছাড়া মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় দুর্গামন্দিরের জন্য ৮০ হাজার টাকায় প্রতিমা তৈরি করা হয়েছে।’

স্বর্গপুরী দেবমন্দিরের দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির সভাপতি মনোরঞ্জন বৈরাগী বলেন, ‘আমাদের মন্দিরের জন্য ৩৫ হাজার টাকায় প্রতিমা তৈরি করানো হয়েছে।’ ঢাকার পোস্তগোলা শ্মশানঘাট মন্দিরের একতা ডোম সমাজ যুব পূজা উদ্‌যাপন কমিটির সদস্য যতন লাল ডোম বলেন, ‘আমরা ৫০ হাজার টাকায় একটি প্রতিমা তৈরি করিয়েছি। রঙের কাজ শেষ হলেই আমাদের মন্দিরে নিয়ে যাব।’