আসছে বর্ষা, বাড়ছে শঙ্কা
‘বর্ষাকাল আইলে বুকটা ধপ করি উঠে। নদী ভাঙতে ভাঙতে ফসলি খেত, বাড়িঘর—সবই শেষ। হারানোর আর কিছুই নাই।’ আক্ষেপের সঙ্গে কথাগুলো বলছিলেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরকাছিয়ার বাসিন্দা মোবারক বেপারি। তাঁর মতো অনেক পরিবারই নদীভাঙনে সর্বস্ব হারিয়ে আশপাশের বেড়িবাঁধ ও চরে আশ্রয় নিয়েছেন।রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ হাওলাদার বলেন, চরকাছিয়ার পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনার সংযোগ নদী প্রায় চার বছর ধরেই ভাঙছে। এখনো বর্ষা শুরু হয়নি, অথচ নদী ভাঙছে। গেল কয়েক বছরের চেয়ে এবার ভাঙনের তীব্রতা অনেক বেশি। গত এক মাসে চার একরেরও বেশি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের ঝুঁকিতে পড়েছে ২০টি পরিবার। হারুনুর রশিদ বলেন, স্থানীয় সাংসদ ও অনেক সরকারি কর্মকর্তা সরেজমিনে এসে একাধিকবার নদীভাঙনের চিত্র দেখে গেছেন। তবে এখন পর্যন্ত ভাঙন রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত চার বছরে প্রায় ৮০ একর আবাদি জমি ও শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে। তিনি বলেন, নদীভাঙনের কারণে চরকাছিয়া গ্রাম তলিয়ে গেলে প্রায় ১০ হাজার মানুষ ভূমিহীন হয়ে পড়বে। এ ছাড়া চাঁদপুর সেচ প্রকল্পের বেড়িবাঁধটিও ভাঙনের ঝুঁকিতে রয়েছে।এলাকাবাসী জানান, উপজেলার ৮ নম্বর চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের মোবারক হোসেন, গনি হাওলাদার, মো. রশিদ মাল, আক্কাছ হাওলাদার, হাবিব উল্যা, হাসমত আলী দেওয়ান, জাকির দেওয়ানসহ ১০টি পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে কাদির হাওলাদার, শুকুর আলী সর্দার, ওসমান বেপারি, জলিল সরকারসহ ২০টি পরিবার বাড়ি ভাঙনের ঝুঁকির মধ্যে রয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর প্রথম আলোকে বলেন, ‘ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। ভাঙনের তীব্রতা এবার অনেক বেশি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’