আসছে বর্ষা, জলাবদ্ধতার আশঙ্কায় নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষার বাকি দেড় মাস। এবারও জলাবদ্ধতার আশঙ্কায় চট্টগ্রাম নগরবাসী। এ আশঙ্কার কারণ মূলত চট্টগ্রামের দুঃখ নামে পরিচিত চাক্তাই খাল। খালের অনেক জায়গায় এখনো খনন করা হয়নি। তবে এ রকম কোনো আশঙ্কা করছেন না চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং কর্মকর্তারা।
অভিযোগ রয়েছে, জলাবদ্ধতা নিরসনে করপোরেশন কাজ শুরু করেছে দেরিতে। তাও পুরোমাত্রায় চলছে না। বর্ষার আগে এ কাজ শেষ হবে কি না সন্দেহ রয়েছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরের পানি নিষ্কাশনের মূল মাধ্যম হচ্ছে সাত কিলোমিটার দৈর্ঘ্যের চাক্তাই খাল। এ খালের সঙ্গে যুক্ত হয়েছে আরও নয়টি খাল। এগুলো হচ্ছে: ডোম খাল, চশমা খাল, হিজড়া খাল, চট্টেশ্বরী খাল, মির্জা খাল, সাব এরিয়া খাল, দেব পাহাড় খাল, আয়েশা খাতুন লেন খাল ও মনু মিয়া খাল।
প্রবল বর্ষণে এসব খাল থেকে আসা পানি পুরোপুরি নিষ্কাশন করতে পারে না চাক্তাই খাল। তখনই সৃষ্টি হয় জলাবদ্ধতা। দখল এড়াতে ১৯৯৬ সালে খালের দুই পাশে প্রতিরোধ দেওয়াল নির্মাণ করা হয়েছিল।
চট্টগ্রামের বহদ্দারহাট মোড় থেকে উৎপত্তি চাক্তাই খালের। সরেজমিনে দেখা গেছে, উৎপত্তিস্থল পলিথিন ও বর্জ্যে ভরে গেছে। এই অংশে সংযুক্ত নালাগুলোর ওপর দোকানপাট নির্মাণ করা হয়েছে। সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা করছে বাদুড়তলা থেকে বাড়ইপাড়া পর্যন্ত। এই অংশে রাস্তা না থাকলেও রয়েছে বহুতল ভবন, বস্তি ও সেমিপাকাসহ শত শত ঘর। এসব ভবনের গৃহস্থালি বর্জ্য ও বাসার পরিত্যক্ত সব জিনিস ফেলা হয় খালের এই অংশে। এটি এখন ময়লা-আবর্জনার ভাগাড়। নিয়মিত খনন না করায় এই অবস্থা সৃষ্টি হয়েছে।
বাড়ইপাড়া এলাকায় খাল পাড়ের বাসিন্দা মো. আল আমিন বলেন, গত বছরের পর খালের এই অংশ খনন করা হয়নি। মাস খানেক আগে এক্সকাভেটর নিয়ে এলেও খাল খনন না করে তা নিয়ে যান করপোরেশনের লোকজন।
প্রতিবছরই জলাবদ্ধতায় তাঁদের বাড়িঘর তলিয়ে যায় বলে জানান আল আমিন। এবারও একই আশঙ্কায় ভুগছেন তাঁরা।
সরেজমিনে পুরো খালের মাত্র দুটি অংশে এক্সকাভেটর দিয়ে মাটি খনন করতে দেখা গেছে। জায়গা দুটি হচ্ছে চকবাজারের ফুলতলা সেতু ও চাক্তাইয়ের চামড়া গুদাম এলাকা। ফুলতলা সেতুর পাশে চারটি খাল মিশেছে। করপোরেশনের সহকারী প্রকৌশলী সুদীপ বসাক প্রথম আলোকে বলেন, খালের এই অংশটি হচ্ছে সিলট্র্যাপ। রাস্তার অভাবে খালের সব জায়গা খনন করা সম্ভব হয় না। তাই এখানে জমে যাওয়া মাটি প্রতিদিন উত্তোলন করা হয়।
জলাবদ্ধতা প্রসঙ্গে করপোরেশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে মেয়র মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তাই জলাবদ্ধতা আর হবে না। হয়তো সাময়িক জলজট হবে।’
মেয়র মন্জুর আলম বলেন, নগরের বিল, জলাশয় ও পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণ করায় পানি নিষ্কাশনের পথ কমে যাচ্ছে নিয়মিত। তাই জলাবদ্ধতা সম্পূর্ণ দূর করতে হলে নতুন খাল খননের বিকল্প নেই।