আসছে বর্ষা, বাড়ছে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বর্ষার আগে শহীদ মিনারের পাশে বিদ্যালয় ভবন, বন্যা আশ্রয়কেন্দ্র ও স্বাস্থ্যকেন্দ্র ছিল৷ এখন সেসবের কিছুই নেই৷ আছে শুধু শহীদ মিনারটি৷ এলাকাবাসীর আশঙ্কা, এবারের বর্ষায় এটির অস্তিত্ব থাকবে না৷ এ চিত্র রাজশাহীর পবা উপজেলার সীমান্তবর্তী খিদিরপুর গ্রামের৷
স্থানীয় অনেকে জানান, উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম খানপুর, খিদিরপুর ও মাঝারদিয়ায় তিনটি বিজিবি ক্যাম্প রয়েছে৷ পদ্মার ভাঙনে গ্রাম তিনটির একাংশ ইতিমধ্যে বিলীন হয়ে গেছে৷ এ গ্রামগুলোতে এখনো প্রায় ২০ হাজার মানুষ বসবাস করে৷
গত বছর বর্ষা মৌসুমে গ্রামগুলোতে ভাঙন ঠেকাতে প্রায় দুই কোটি টাকা খরচ করা হয়৷ সেবার সরকারি লোকজনের তৎপরতা দেখা গিয়েছিল৷ এবার তাঁদের দেখা যাচ্ছে না৷ গতবার খিদিরপুরের একটি বিজিবি ক্যাম্প পদ্মা নদীর গর্ভে বিলীন হয়৷ এবার আরও একটি ভাঙনের মুখে রয়েছে৷ খানপুর ও খিদিরপুরে দুটি গ্রামের অর্ধেক মানুষই গৃহহীন হয়ে গত বছর অন্যত্র আশ্রয় নেয়৷ এবারের বর্ষায় অন্যরাও চরম আতঙ্কের মধ্যে রয়েছে৷
দু-তিন বছর আগে সীমান্তের অন্য দুটি গ্রাম তারানগর ও নবীনগর পদ্মার ভাঙনে সম্পূর্ণ বিলীন হয়৷
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, ভাঙন ঠেকাতে তারা মন্ত্রণালয়ে প্রকল্প দাখিল করেছে৷ সেটি বর্তমানে প্রক্রিয়াধীন৷
এলাকাবাসীর আশঙ্কা, নদীর ভাঙন থেকে এই গ্রাম তিনটিকে বাঁচাতে না পারলে বাংলাদেশ ভূখণ্ড হারাবে এবং পদ্মা নদী ভারতের ভেতর দিয়ে প্রবাহিত হবে৷ তাই শিগগিরই নদীর তীর সংরক্ষণ করতে হবে৷ ইতিমধ্যে নদীতে বর্ষার পানি আসা শুরু হয়েছে৷ পানির চাপ বাড়লে হাজার চেষ্টা করেও গ্রামগুলো ভাঙনের কবল থেকে রক্ষা করা যাবে না৷
রাজশাহী পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পদ্মা নদীর ভাঙন বাড়তে থাকায় খিদিরপুর ও খানপুর বিজিবি ক্যাম্প দুটি বাঁচাতে রাজশাহী পাউবো গত বছর ২৫ জুলাই থেকে ক্যাম্পের পাশে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করে৷ খানপুর ক্যাম্প ও এর কাছে ১৬৪ নম্বর সীমান্ত স্তম্ভ বাঁচানোর জন্য এক কোটি ৬৮ লাখ টাকার প্রকল্প নিয়ে ৩৫ হাজার জিও ব্যাগ ফেলা হয়৷ এতে প্রকল্পের প্রায় ৭০ শতাংশ অর্থ ব্যয় করা হয়৷ আর খিদিরপুর ক্যাম্প রক্ষার জন্য ৬৩ লাখ টাকার প্রকল্পের কাজ শুরু হয়েছিল৷
৮০ শতাংশ করার পর তীব্র ভাঙনের কারণে কাজ পরিত্যক্ত ঘোষণা করা হয়৷ পরে ক্যাম্পটি পদ্মার গর্ভে বিলীন হয়ে যায়৷ সেই সঙ্গে চরখিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ খিদিরপুর গ্রামের দুই শতাধিক ঘরবাড়ি বিলীন হয়৷
স্থানীয় লোকজন জানান, খিদিরপুর ক্যাম্প অর্ধেক ভেঙে যাওয়ার পর পাউবোর মহাপরিচালক আজিজুল হক ওই এলাকা পরিদর্শনে যান৷ এলাকাবাসী তাঁর কাছে রাজশাহী পাউবোর কর্মকর্তা ও ঠিকাদারদের গাফিলতির কারণেই ভাঙন প্রতিরোধের ব্যবস্থা কোনো কাজে আসেনি বলে অভিযোগ করেছিলেন৷
পাউবো মহাপরিচালক উপস্থিত লোকজন ও সাংবাদিকদের বলেছিলেন, যেকোনো মূল্যে বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করা হবে৷ আর কাজে গাফিলতির বিষয়টি তদন্ত করে বিভাগীয় কমিটি গঠন করা হবে৷
তবে আজিজুল হকের ওই বক্তব্যের পরও এ বিষয়ে আর কিছু হয়নি৷
গত বুধবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, চরখিদিরপুর বিদ্যালয়ের শহীদ মিনারটি শুধু দাঁড়িয়ে রয়েছে৷ কয়েক মাস আগেও যে জায়গা শিশুদের কোলাহলে পূর্ণ ছিল, সেখানটা এখন সুনসান নীরবতা৷
৩৭ বিজিবির পরিচালক আনোয়ার আলম জানান, তাঁরা জেনেছেন, পাউবো একটা মোটা অঙ্কের প্রকল্প দাখিল করেছে৷ কিন্তু এক্ষুনি এর সংরক্ষণকাজে হাত দেওয়া জরুরি৷ তা না হলে পরে বাজেট দিয়েও কোনো লাভ হবে না৷
পাউবো রাজশাহীর নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ে ১৭৪ কোটি টাকার প্রকল্প জমা দেওয়া হয়েছে৷ এটি আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য মন্ত্রণালয় থেকে একটি চিঠি পরিকল্পনা কমিশনে গেছে৷