আসছে বাজেটের ১৬ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের দাবি
দেশের সামগ্রিক উন্নয়নে দক্ষ মানব–সম্পদ গড়তে এবং সামাজিক অবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন করতে শিক্ষা খাতে বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ দরকার। ২০১৬-১৭ অর্থবছরে ১৬ শতাংশ, পরের বছর থেকে ৩ শতাংশ করে বাড়িয়ে ২০১৯-২০ অর্থবছরের মধ্যে এই লক্ষ্য পূরণ করা যায়।
গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে ‘জাতীয় বাজেটে শিক্ষাভাবনা ও বিকল্প শিক্ষা বাজেট প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভার মূল প্রবন্ধে এ বছর মোট বাজেটের ১৬ শতাংশ শিক্ষা খাতের বরাদ্দের দাবি জানানো হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী। সভার আয়োজক ‘শিক্ষা বাঁচাও আন্দোলন’ নামের একটি সংগঠন।
সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অজয় রায় বলেন, আজকে শিক্ষার বাণিজ্যিকীকরণ হচ্ছে, টাকা থাকলে শিক্ষা পাওয়া যাচ্ছে, এর মান যা-ই হোক না কেন। পাশাপাশি সাম্প্রদায়িকীকরণ করা হচ্ছে শিক্ষাব্যবস্থাকে। এ থেকে উত্তরণের জন্য সামাজিক বিপ্লব দরকার।
মূল প্রবন্ধে বলা হয়, সরকারের ভাষায় দেশ প্রতিবছর উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রতিবারই সরকার শিক্ষা খাতে বাজেট বৃদ্ধিতে অনাগ্রহ প্রকাশ করে। সভায় আরও বক্তব্য দেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক আজিজুর রহমানপ্রমুখ উপস্থিত ছিলেন।